২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জেএমবির দুই সদস্যের ১০ বছরের কারাদণ্ড

দেশব্যাপী জেএমবির বোমা হামলার সময় সিলেটের আম্বরখানা এলাকায় বোমা বিস্ফোরণের দায়ে সংগঠনের দুই সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

সিলেট, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী জেএমবির বোমা হামলার সময় সিলেটের আম্বরখানা এলাকায় বোমা বিস্ফোরণের দায়ে সংগঠনের দুই সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক দীপ্যমান সরকার বৃহস্পতিবার জেএমবির দুই সদস্য মহসিন খান ও আবদুল হাইয়ের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। মামলা অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১১টার দিকে আম্বরখানা এলাকার 'তায়েফ ফাস্টফুড' দোকানের সামনে বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি সদস্যরা। এতে মতিলাল ধর নামের এক পথচারি জখম হন। পরে সিলেট কোতোয়ালি থানায় আর্মড পুলিশের উপ পরিদর্শক আশরাফ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিলেটের জৈন্তাপুর উপজেলার সেনগ্রাম মোহাম্মদিয়া আসাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মহসিন খান (২৭) ও আবদুল হাইকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাড়ি কুমিল্লা জেলায়। ২০০৫ সালের ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিশেষ পিপি ফখরুদ্দিন আহমদ বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত দুই জঙ্গির বিরুদ্ধে রায় দিয়েছেন। প্রসঙ্গত একইদিনে সিলেটের কালেক্টরট ভবন এলাকায় বোমা হামলার ঘটনায় জেএমবির দুই সদস্যকে গত ৯ সেপ্টেম্বর ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/১৯৪৭ ঘ.