২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে অক্টোবরের মধ্যে বিডিং শুরু

দেশের উপকূলীয় এলাকায় নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগামী অক্টোবরের মধ্যে তৃতীয় পর্যায়ের বিডিং শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। তবে জ্বালানি সচিব এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, গভীর সমুদ্র এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান ও উত্তোলন নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে জটিলতার অবসান হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 01:00 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের উপকূলীয় এলাকায় নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে আগামী অক্টোবরের মধ্যে তৃতীয় পর্যায়ের বিডিং শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। তবে জ্বালানি সচিব এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, গভীর সমুদ্র এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান ও উত্তোলন নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে জটিলতার অবসান হয়নি। বৃহস্পতিবার দুপুরে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তারা এ কথা বলেন। পেট্রোবাংলা ও বাপেক্সসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "দেশে আপাতত গ্যাস সঙ্কট নেই। তবে ভবিষ্যতের বিষয়টি মাথায় রেখেই সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য তৃতীয় পর্যায়ের বিডিং আগামী অক্টোবরের মধ্যেই শুরু হবে।" জ্বালানি সচিব জানান, গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুন্ধানের জন্য ভারত বাংলাদেশ সীমানার ভেতরে কিছু এলাকাকে তাদের ব্লক বলে চিহ্নিত করেছে। বাংলাদেশ এ বিষয়ে আপত্তি জানালেও এখন পর্যন্ত এর নিস্পত্তি হয়নি। একইভাবে মিয়ানমারও বাংলাদেশের অনেকটা ভেতরে প্রবেশ করে গ্যাস উত্তোলন করছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনা চলছে। এ বিষয়টিরও সমাধান হয়নি এখনও। তিনি বলেন, "আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমুদ্র সীমানা নির্ধারণের জন্য ২০১১ সাল পর্যন্ত সময় আছে। এর মধ্যেই সীমানা নির্ধারণ হয়ে যাবে। তৃতীয় পর্যায়ের বিডিং শুরু হলে আমরা বুঝতে পারব কোথায় বিরোধ দেখা দিচ্ছে।" বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম আরেক দফা বাড়নো হবে কিনা জানতে চাইলে জ্বালানি উপদেষ্টা বলেন, "আমরা কঠিন সময় পার করছি। দেশে বন্যা চলছে, সামনে রোজা ও ঈদ। এ মুহূর্তে দাম বাড়ানোর প্রশ্নই আসে না। তবে ভর্তুকির মাধ্যমে তেল সরবরাহ করতে গিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে লোকসান দিতে হচ্ছে।" তিনি বলেন, "গ্যাসের স্বল্পতা নিয়ে আমরাও উদ্বিগ্ন। আমরা বিদেশিদের ওপর নির্ভরতা কমাতে চাই। আর এ কারণেই গ্যাস অনুসন্ধানে বাপেক্সকে প্রাধান্য দেওয়া হচ্ছে।" এশিয়া এনার্জির সঙ্গে সরকার নতুন করে চুক্তি করবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "এসব নিয়ে সরকার এই মুহূর্তে ভাবছে না।" মঙ্গলবার রাতে কর্ণফুলী নদীর তলদেশে গ্যাস পাইপে বিস্ফোরণ প্রসঙ্গে এএমএম নাসিরউদ্দিন বলেন, "দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমআরএফ/জেকে/এমএ/১৭৪৫ ঘ.