ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ী ও র্যাব সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনায় তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন, তৈরি পোশাক ব্যাবসায়ী আলী হক, র্যাব-৪ এর উপ-সহকারী পরিচালক সাফায়েত হোসেন ও সহকারী উপ পরিদর্শক কামরান আহমেদ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি আহত আলী হক জানান, সকাল ১১টার দিকে তার বাক প্রতিবন্ধী ছেলে শাহেদকে (৪) চকলেট কিনে দেওয়ার জন্য মোটরসাইকেলের সামনে বসিয়ে দোকানে যাচ্ছিলেন তিনি। পথে মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশনে মোটর সাইকেল আরোহী দুই ব্যক্তির সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
তিনি অভিযোগ করেন, এক পর্যায়ে মোটর সাইকেল থেকে নেমে এসে তাকে মারধর করতে থাকে। এরপর র্যাবের একটি গাড়িতে করে ৮/১০জন এসে তাকে রাস্তার ওপর ফেলে প্রচণ্ড মারধর করে।
তবে র্যাব-৪ এর মেজর মাহমুদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, "আমাদের গোয়েন্দা দল ওই এলাকায় মোটরসাইকেলে চড়ে সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন। এসময় সন্দেহ হওয়ায় আরেকটি মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ করেন তারা। এক পর্যায়ে ওই দুই আরোহী আমাদের দুই সদস্য সহকারী উপ পরিদর্শক কামরান আহমেদ ও সহকারী উপ পরিচালক সাফায়েত হোসেনকে মারধর করে। র্যাব পরিচয় দেওয়ার পরও তারা থামেনি। "
তিনি বলেন, "আমাদের সদস্যরা আত্মরক্ষা করার সময় ওই ব্যাক্তিও আহত হন।"
কাফরুল থানার উপ-পরিদর্শক শাহাবুদ্দীন বলেন, "ব্যাবসায়ী আলী হকের হামলায় র্যাবের দুই সদস্য আহত হন। র্যাব সদস্যরা নিজেদের রক্ষা করার সময় হাতাহাতি হলে আলী হকও আহত হন। আহত র্যাব সদস্যরাও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএ/১৬৪৯ ঘ.
bdnews24