রংপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ বৃহস্পতিবার সকালে রংপুরে ভোটার হওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন।
সকালে তিনি রংপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে নাম নিবন্ধন করেন।
নিবন্ধন ফর্মে এরশাদ তার জন্মস্থান কুড়িগ্রাম উল্লেখ করলেও ঠিকানা লেখেন রংপুর সেনপাড়া। এতে পেশা হিসেবে প্রথমে 'ব্যবসা' লেখা হলেও পরে তা কেটে 'সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ' লেখা হয়।
নিবন্ধনের পর সাংবাদিকদের তিনি বলেন, "রংপুরের সন্তান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ হয় বলে আমি এখানে ভোটার হওয়ার জন্য নাম নিবন্ধন করেছি।"
ছবিসহ নতুন ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরিতে সেনাবাহিনী সহায়তা দেওয়া তাদের ধন্যবাদ জানান এরশাদ।
সাবেক এই রাষ্ট্রপতি সকাল ১০ টা ২৫ মিনিটে পৌরসভা কার্যালয়ে যান। তাকে সেখানে স্বাগত জানান পৌর চেয়ারম্যান আব্দুর রব মানিক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৩০৪ ঘ.
bdnews24