সিলেট, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের হাতিম নগরের একটি বাসা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামির হবিগঞ্জ জেলা শাখার সাবেক আমির ও জেএমবির অর্থযোগানদাতা সাইদুর রহমান এবং শায়খের দেহরক্ষী আব্দুল আজিজ হানিফকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার বিচার আদালতের বিচারক দীপ্যমান সরকার এ রায় দেন। রায়ে উভয় আসামিকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাভোগের নির্দেশ দেওয়া হয়।
রায়ের সময় হানিফকে আদালতে হাজির করা হয়। তবে সাজাপ্রাপ্ত অপর আসামি সাইদুর রহমান পলাতক রয়েছেন।
২০০৬ সালের ২ মার্চ ওই বাড়ি থেকেই শায়খ রহমানকে স্বপরিবারে গ্রেপ্তার করা হয়। শায়খের সঙ্গে গ্রেপ্তার হানিফের স্বীকারোক্তি অনুযায়ী একইদিন হাতিমনগরের ওই বাসা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে সাইদুর রহমান ও হানিফকে আসামি করে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করে।
শায়খ রহমানকে যে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিলো, সেই 'সূর্য দীঘল বাড়ি' থেকে বিস্ফোরকসামগ্রী উদ্ধারে ঘটনায় দায়ের করা অপর মামলায়ও আবদুল আজিজ আসামি। ওই মামলায় অভিযোগ গঠনের তারিখ আগামী ১ অক্টোবর ধার্য রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২৫ ঘ.
bdnews24