২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া রাজনীতি সারা দেশে চালুর দাবি জামায়াতের

জামায়াতে ইসলামী ঘরোয়া রাজনীতির ওপর বিধিনিষেধ সারা দেশ থেকে তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বুধবার সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 03:20 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জামায়াতে ইসলামী ঘরোয়া রাজনীতির ওপর বিধিনিষেধ সারা দেশ থেকে তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বুধবার সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে দলটি। দলের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানী ঢাকা থেকে ঘরোয়া রাজনীতির উপর বিধিনিষেধ তুলে নেওয়ার পর দলের নির্বাহী পরিষদের এই ছিল প্রথম বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আবার শনিবার বৈঠকে বসবো। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাকে অর্থবহ করতে হলে আমরা মনে করি সারা দেশ থেকে ঘরোয়া রাজনীতির উপর বিধিনিষেধ তুলে নেওয়া উচিত।" জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির মকবুল আহমদ, অধ্যাপক একেএম নাজির আহমদ, মাওলানা আব্দুস সুবহান, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এটিএম আজাহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে মতিউর রহমান নিজামী ঘরোয়া রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। তিনি আশাপ্রকাশ করে বলেন, "নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযাী নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।" শিগগিরই দলের মজলিশে সূরার বৈঠক করে জামায়াত নির্বাচন কমিশন আয়োজিত বৈঠকে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে দলের আমির সাংবাদিকদের জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এমএইচবি/২১০৯ ঘ.