চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় টাস্কফোর্স চট্টগ্রামে তদন্ত শুরু করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক জহিরুল হুদাসহ দুর্নীতি দমন টাস্কফোর্সের তিন সদস্য বুধবার চট্টগ্রাম বন্দর ভবনে নথিপত্র পরীক্ষা করে দেখেন।
জহিরুল হুদা বুধবার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বন্দরে একটি ইয়ার্ড ও কমলাপুর আইসিডিতে গ্যাটকোকে ঠিকাদার হিসাবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কী প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল সে সব নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, "বিষয়টিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সম্পৃক্ত বলে চট্টগ্রাম বন্দর ভবনে এসে নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হচ্ছে।"
টাস্কফোর্স চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কোনও কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা জানতে চাইলে কমিশনের উপ পরিচালক বলেন, "আগে নথিপত্র দেখছি। পরে প্রয়োজনে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হবে।"
চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২ সেপ্টেম্বর রাতে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদি হয়ে খালেদা ও তার ছেলেসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাও থানায় একটি মামলা করেন। পরদিন সকালে খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমআই/এমএইচবি/২২০৪ ঘ.
bdnews24