ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ু প্রবাহ দুর্বল হতে শুরু করায় আগামী দুই একদিন আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এর ফলে আগামী ৭২ ঘন্টা পর থেকে বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে শুরু করবে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আগামী ৭২ ঘণ্টায় দেশের দক্ষিণ মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের নদনদীর ৩৪টি পয়েন্টে পানি বেড়েছে, ২৪টি পয়েন্টে পানি কমেছে আর অপরিবর্তিত রয়েছে দুটি পয়েন্টের পানি। বিপদ সীমার ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে মোট ২৩টি পয়েন্টে ।
পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার প্রায় সব পয়েন্টে পানি বেড়েছে। মেঘনা অববাহিকার কিছু পয়েন্টে পানি বাড়লেও কমেছে অন্যান্য পয়েন্টে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি অববাহিকায় সব পয়েন্টে পানি কমেছে।
ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে ১৪ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার ডালিয়া পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি বাড়লেও কৌনিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বেড়েছে। তিস্তার পানি কোনো পয়েন্টই বিপদ সীমা অতিক্রম করেনি। ঘাঘট নদীর পানি গাইবান্ধা পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। করতোয়া নদীর পানি বগুড়া পয়েন্টে ৮ সেন্টিমিটার কমলেও চকরহিমপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার পানি বেড়ে বিপদ সীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি নুনখোয়া ও চিলমারী উভয় পয়েন্টে পানি বেড়ে বিপদ সীমার ওপর দিয়ে বইছে। নুনখোয়া পয়েন্টে ১৩ সেন্টিমিটার পানি বেড়ে বিপদ সীমার ৯ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ, বাহাদুরবাদ ও আরিচা পয়েন্টে যথাক্রমে ৪, ৫ ও ৯ সেন্টিমিটার পানি বেড়ে বিপদ সীমার যথাক্রমে ৮৪, ৩৭ ও ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গঙ্গার পানি বাড়ায় ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, শরীয়তপুর ও মাদারীপুর পয়েন্টে বেড়েছে। গঙ্গা ও যমুনা নদীর এসব পয়েন্টের পানি আগামী দুই একদিন বেড়ে ৭২ ঘণ্টা পর থেকে কমতে শুরু করবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
মেঘনা অববাহিকার সিলেট পয়েন্টে পানির পরিমাণ অপরিবর্তিত রয়েছে। এছাড়া মেঘনা নদীর সুনামগঞ্জ ও কানাইঘাট পয়েন্টে পানি কমেছে এবং ভৈরববাজার পয়েন্টে পানি ১১ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন ভৈরববাজার পয়েন্টের পানি বাড়বে বলেও জানিয়েছেন আরিফুল ইসলাম।
আগামী ২৪ ঘণ্টায় সুরমার সিলেট পয়েন্টে ৮ সেন্টিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বেড়ে বিপদ সীমার যথাক্রমে ৬৫ ও ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।
ঢাকার আশপাশের নদীগুলোর মধ্যে কেবল বুুড়িগঙ্গা নদীর পানি কমেছে। অন্যান্য নদীর পানি বাড়লেও আগামী দুই একদিনে তা বিপদসীমা অতিক্রম করার কোন সম্ভাবনা নেই।
এদিকে মৌসুমী বায়ু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করায় আসাম ও মেঘালয়েও খুব বেশি বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। সীমান্তের ওপারে আসাম বা মেঘালয়ে ভারি বৃষ্টি হলে সে পানি স্বভাবতই ভাটিতে অবস্থিত বাংলাদেশে নেমে আসে।
বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
bdnews24