২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যমূল্য নিয়ন্ত্রণে ভাউচার ব্যবস্থা আর ভ্রাম্যমান আদালত

বাজারে সরবরাহের অজুহাতে যেন ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য 'ভাউচার প্রথা' চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। পণ্যের দাম নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন কার্যক্রম মনিটরিং এবং ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে বলেও তিনি জানান। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে পাইকারী ও খুচরা বিক্রেতাদের নিয়ে এক সভায় তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাজারে সরবরাহের অজুহাতে যেন ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য 'ভাউচার প্রথা' চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। পণ্যের দাম নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন কার্যক্রম মনিটরিং এবং ভ্রাম্যমান আদালতের অভিযান চলবে বলেও তিনি জানান। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে পাইকারী ও খুচরা বিক্রেতাদের নিয়ে এক সভায় তিনি এ কথা জানান। এছাড়াও সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে মূল্য তালিকা টানানো হবে বলে উপদেষ্টা জানান। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ রাইফেলসসহ (বিডিআর) যৌথ বাহিনীর পক্ষ থেকে এসব কার্যক্রম মনিটরিং করা হবে। এর পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩০টি ভ্রাম্যমান আদালত অভিযান চালাবে।" রোজার মাসে বাজারদর নিয়ন্ত্রণে উৎপাদনকারী থেকে পাইকারী বিক্রেতা হয়ে খুচরা বিক্রেতা পর্যন্ত বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় ও সরবরাহে যে চাঁদাবাজি হয়ে থাকে তা বন্ধের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দেওয়া হয়। স্বরাষ্ট্র সচিব আবদুল করিম জানান, রমজানে ভেজাল পণ্য নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালাবে। প্রথম রোজা থেকেই ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় আদালত কার্যক্রম শুরু করবে। ঢাকার ৩৩টি থানা ও র‌্যাব স্টেশন এলাকায় অভিযান চলবে। তিনি জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন না বাড়ে সেজন্য বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তবে কোন ব্যবসায়ীকে অহেতুক হয়রানি করা হবে না। সভায় ব্যবসায়ী ও বিডিআরের পক্ষ থেকে বিভিন্ন বাজারে উৎপাদনকারীদের বিক্রিত পণ্যের মূল্য ও পাইকারী আর খুচরা মূল্যের বেশি পার্থক্যের কারণ তুলে ধরা হয়। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন বাজারে ফড়িয়া ও মধ্যস্বত্ত্বভোগী একটি চক্র সক্রিয় রয়েছে। বিভিন্ন আড়তে কোন পণ্যের পরিমাপ এবং গোনার কাজে নিয়োজিতদেরও নির্ধারিত হারে টাকা (কয়েলি) দিতে হয়। একটি পণ্য উৎপাদকের হাত থেকে সাধারণ ক্রেতার হাতে পৌঁছাতে ১২টি হাত বদল হয়। এ হাত বদলের প্রতিটি স্তরে নির্ধারিত হারে কমিশন বা মুনাফা দিতে হয়। ফলে উৎপাদকের বিক্রিত দামের চেয়ে খুচরা বাজারে পণ্যের দাম অনেক বেড়ে যায়। আনোয়ারুল ইকবাল বলেন, "বিভিন্ন বাজারে যে কমিশন বা কয়েলি নেওয়া হয়, তা অবৈধ। এটিকে চাঁদাবাজি হিসেবেও গণ্য করা যায়। এধরনের চাঁদাবাজি বন্ধের জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা এ ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন। সভায় স্থানীয় সরকার সচিব সফররাজ হোসেন, স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিম, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, বিডিআর-এর পরিচালক কর্ণেল আবদুল হালিম, মুখ্য মহানগর হাকিম (সিএমএম) জালাল আহমেদ, ডিএমপি কমিশনার নাঈম আহম্মেদ, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইফুদ্দিন আহম্মেদ, বিএসটিআই'র পরিচালক সফিকুর রহমান, ঢাকার জেলা প্রশাসক কামাল উদ্দিন, ঢাকা মহানগর মাছ ও কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন সিকদার, যাত্রাবাড়ী মৎস্য আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৮১০ঘ.