ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির বহিষ্কৃত যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন নিজেদের অংশকে মূল বিএনপি দাবি করে বলেছেন, "মান্নান ভূঁইয়াই বিএনপির বৈধ মহাসচিব।"
মঙ্গলবার দুপুরে গুলশানে ন্যাম ফ্ল্যাটে মান্নান ভুঁইয়ার সঙ্গে সাক্ষাতের পর আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, "কিছু লোক চর দখলের মতো বিএনপির কার্যালয় দখল করতে গিয়েছিলো। আমরা তা কখনো চাইনি। দলের কার্যালয়ে বসে কাজ করার বৈধ অধিকার তাদের নেই।"
ঘরোয়া রাজনীতির ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া সরকারের একটি ইতিবাচক সিদ্ধান্ত মন্তব্য করে তিনি আরও বলেন, "আজ তারা (খোন্দকার দেলোয়ার হোসেন পক্ষ) সফল হতে না পেরে সরকারের ওই সিদ্ধান্তের সমালোচনা করছেন।"
আশরাফ হোসেন নিজেদের মূল দলের বৈধ নেতা দাবি করে বলেন, "আমরা দীর্ঘদিন বিএনপির রাজনীতি করছি। মান্নান ভূঁইয়া ১১ বছর এ দলের মহাসচিব। মহাসচিব পদের মতো একটি গুরুত্বপূর্ণ পদ থেকে কাউকে সরাতে হলে দলের চেয়ারপারসন একক সিদ্ধান্তে তা করতে পারেন না। গঠনতন্ত্র অনুযায়ী একক সিদ্ধান্তে এটা করা হলেও অবশ্যই বহিষ্কারের আগে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে।"
আশরাফ হোসেন বলেন, "আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াই। তিনি এখন কারাগারে বন্দি। বন্দি অবস্থায় তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না।"
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, "আমরা মান্নান ভূঁইয়ার নেতৃত্বেই অফিসে যাবো। তবে অফিস নিয়ে যে সঙ্কট সৃষ্টি হয়েছে তা মীমাংসা করেই সেখানে যাবো। আমরা কোনো দাঙ্গা-হাঙ্গামায় বিশ্বাস করি না। বিএনপি কোনো চর দখলের রাজনীতি করে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৪০২ঘ.
bdnews24