২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্ত সেনাকর্মকর্তা চাঁদাবাজির টাকাসহ গ্রেপ্তার

চাঁদাবাজির নগদ ৫০ হাজার টাকা ও একটি পিস্তলসহ সুজন আহম্মেদ নামের এক সাবেক সেনা কর্মকর্তাকে রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সেনাবাহিনী থেকে বরখাস্ত এই মেজরকে মোহাম্মদপুর থানা পুলিশ সোমবার আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 06:12 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -চাঁদাবাজির নগদ ৫০ হাজার টাকা ও একটি পিস্তলসহ সুজন আহম্মেদ নামের এক সাবেক সেনা কর্মকর্তাকে রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সেনাবাহিনী থেকে বরখাস্ত এই মেজরকে মোহাম্মদপুর থানা পুলিশ সোমবার আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক দিদারুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক মাহিনূর মিয়া সোমবার সুজন আহম্মেদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগে একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, সুজন গত ৩০ আগস্ট মাহিনূর মিয়াকে টেলিফোন করে মোহাম্মদপুর অনুরাগ কমিউনিটি সেন্টারে যেতে বলেন। মাহিনূর সেখানে গেলে সুজনসহ চার ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর মেজর পরিচয় দেন এবং তার বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে যৌথবাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। এর পর মাহিনূর মিয়া ৬ সেপ্টেম্বর প্রথম দফায় এক লাখ এবং পরদিন ২ লাখ টাকা সুজনের হাতে তুলে দেন। গত রোববার রাতে বাকি ২ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু মাহিনূর টাকা জোগার করতে না পেরে ৫০ হাজার টাকা সুজনকে দেন। সুজন বাকি দেড় লাখ টাকার জন্য চাপ দিলে মাহিনূর বাকি টাকার জন্য তাকে সঙ্গে নিয়ে নিজের পান্থপথের বাসায় যান। এ সময় সুজনের কথায় সন্দেহ হলে মাহিনূরের আত্মীয়রা তেজগাঁও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে নগদ ৫০ হাজার টাকা, একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সুজনকে গ্রেপ্তার করে। উপ-পরিদর্শক দিদারুল ইসলাম জানান, মাহিনূর মিয়া সোমবার সকালে মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি মামলা করলে তেজগাঁও থানা থেকে সুজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। সোমবারই তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। দিদারুল ইসলাম বলেন, "জিজ্ঞাসাবাদে সুজন জানিয়েছে, সেনাবাহিনী থেকে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। পরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলে তিনি পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েন।" সুজনের কাছ থেকে উদ্ধার করা পিস্তলটির লাইসেন্স রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২৩৪৫ ঘ.