নোয়াখালী, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক জুলহাসকে (২৫) রোববার রাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। জুলহাস চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পেয়ার আহম্মদের ছেলে।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহেল আহম্মদ।
তিনি জানান, রোববার সন্ধ্যায় জুলহাস বাড়ি থেকে চৌধুরীহাট যাওয়ার পথে ক্বারী বাড়ির কাছে এলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
সোহেল আহম্মদ বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ইয়াহিয়া খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/ডিডি/এমআই/২০১৭ ঘ.
bdnews24