ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শর্ত দিয়ে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করা হয়নি বলে জানিয়েছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। শুধু ঢাকা মহানগরীতেই ঘরোয়া রাজনীতি চালুর বিষয়ে সরকারের সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে রাজনীতি করার সময় এখনও আসেনি।
তথ্য উপদেষ্টা সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আমরা কোনও শর্ত দিয়ে ঘরোয়া রাজনীতি চালু করিনি। আমরা শুধু সংজ্ঞা ও ব্যাখ্যা দিয়েছি মাত্র।"
তিনি বলেন, "ঘরোয়া রাজনীতি আইনের অংশ হয়ে গেছে। জরুরি বিধির অংশ হিসেবেই এটা গণ্য হবে।"
নির্দিষ্ট করে শুধু ঢাকা মহানগরীতেই ঘরোয়া রাজনীতি চালুর পক্ষে যুক্তি তুলে ধরে ব্যারিস্টার মইনুল বলেন, "বিভাগীয় পর্যায়ে রাজনীতি করার সময় এখনও আসেনি। সারাদেশে বিশৃঙ্খলা শুরু হলে তা নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে।"
"বিভাগীয় পর্যায় কারও যদি রাজনীতি করার প্রয়োজন হয়, তবে তিনি ঢাকায় এসে করতে পারেন"- পরামর্শ দেন তিনি।
ঘরোয়া রাজনীতি একরকম চলছিল স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন, "এতদিন এতে রাজনীতিকদের কোনও আইনগত অধিকার ছিল না। এখন তাদের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হল।"
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মইনুল বলেন, "রাজনৈতিক দলগুলোর কার্যালয় খুলে দেওয়া হয়েছে। তবে উপদলীয় কোন্দলের কারণে কোথাও বিশৃঙ্খলা হলে তা নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব নয়।"
দুর্নীতিবাজ রাজনীতিকদের ধরার পর দেশের রাজনৈতিক অবস্থার উন্নতি হয়েছে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, "দুর্নীতিবাজ রাজনীতিকদের আর কোনও তালিকা প্রকাশ করা হবে না। এটা এখন দুর্নীতি দমন কমিশন দেখবে।"
জরুরি বিধিমালার কিছু বিধি-নিষেধ শিথিল করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানান ব্যারিস্টার মইনুল।
জরুরি অবস্থা তুলে নেওয়ার অবস্থা হয়েছে কিনা প্রশ্ন করা হলে 'বর্তমান সরকার চিন্তাশীল সরকার' এ মন্তব্য করে উপদেষ্টা বলেন, "আমরা সার্বিক অবস্থা বোঝার চেষ্টা করছি। সবকিছু বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।"
একইসঙ্গে তিনি বলেন, "যে সব রাজনীতিকের কারণে দেশে সঙ্কট তৈরি হয়েছিল তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/এমআই/এমএ/১৭০৯ ঘ.
bdnews24