ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার যানজট নিরসন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ঢাকা মহানগরীর ওপর ৩০ কিলোমিটার দোতলা সড়ক (এলিভেটেড এক্সপ্রেস ওয়ে) নির্মাণের পরিকল্পনা নিয়েছে। প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে ৬ বছর।
এর জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ১০০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় সাত হাজার ৭০০ কোটি টাকা। এ প্রকল্প বাস্তবায়নে সরকার ও বিনিয়োগকারীদের মধ্যে যৌথ মালিকানাধীন কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। কোম্পানিই দাতা ও ব্যাংকসহ বিভিন্ন মাধ্যম থেকে এ অর্থ সংগ্রহ কওে যোগান দেবে।
যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন রোববার সচিবালয়ের যোগাযোগ মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। সভায় উপদেষ্টা এমএ মতিন সভাপতিত্ব করেন।
এতে ঢাকা মহানগরীর ২০ বছর মেয়াদী কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি)-এর অন্তর্ভুক্ত 'এলিভেটেড এক্সপ্রেস ওয়ে' বিষয়ে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইকারী প্রতিষ্ঠান 'ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক লিমিটেড কোম্পানি'র পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এবং এ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এছাড়াও সভায় যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার নাইম আহমেদ ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা এমএ মতিন বলেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আদলে ঢাকা মহানগরীর যানজট নিরসন ও নাগরিক সেবা বাড়াতে ঢাকা মহানগরীতে প্রায় ৩০ কিলোমিটার দোতলা সড়ক নির্মাণ করা হবে। এ প্রকল্প তিনটি পর্যায়ে বাস্তবায়ন করা হবে। এর প্রথম পর্যায়ে ১১ কিলোমিটার, দ্বিতীয় পর্যায়ে সাত কিলোমিটার এবং তৃতীয় পর্যায়ে ১২ কিলোমিটার সড়ক নির্মিত হবে। এজন্য সময় লাগবে প্রায় ছয় বছর।
তিনি বলেন, প্রথম পর্যায়ে ঢাকার শাহিনবাগ এলাকা থেকে শুরু করে মহাখালী হয়ে নিউ মার্কেট এবং গুলশান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত, দ্বিতীয় পর্যায়ে যাত্রাবাড়ী থেকে সায়দাবাদ হয়ে সোনারগাঁও হোটেল পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ে উত্তরার আবদুল্লাহপুর থেকে নতুন ও পুরাতন বিমানবন্দর হয়ে সোনারগাঁও হোটেল পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে।
দোতলা সড়কের মধ্যে ১০টি প্রবেশ ও বের হওয়ার জন্য সংযোগ সড়ক থাকবে। নির্ধারিত টোলের মাধ্যমে ওই সড়কে যানবাহন চলাচল করবে। প্রতিদিন ওই সড়ক দিয়ে এক লাখ যানবাহন চলাচল করতে পারবে।
উপদেষ্টা এমএ মতিন আরো বলেন, বিষয়টি নিয়ে শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করা হবে। উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে। পরামর্শক প্রতিষ্ঠানের প্রস্তাব অনুযায়ী আগামী অক্টোবর মাসে এসব আনুষ্ঠানিকতা শুরু করা হলেও আগামী বছরের মার্চ মাসের আগে কার্যাদেশ দেয়া সম্ভব হবে না।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এমএ মতিন বলেন, এ প্রকল্পের কাজ শুরু হলে চলমান গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের আর কোন প্রয়োজন হবে না। যদিও বর্তমানে নানা কারণে ওই ফ্লাইওভারের কাজ বন্ধ রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএ/১৯০৫ঘ.
bdnews24