ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি বিরোধী অভিযান এমনভাবে পরিচালনাা করা উচিত যাতে করে তা দেশের স্থিতিশীল অর্থনীতিকে অস্থিতিশীল না করে তোলে।
পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরির সঙ্গে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে (এমওএফএ) বৈঠক শেষে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হুয়া দু সাংবাদিকদের একথা বলেন।
হুয়া দু বলেন,"বড় ধরনের কোন দুর্নীতিবিরোধী অভিযানের নেতিবাচক প্রভাবটা যেন কম হয় সে দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। দেশের সমষ্টিক অর্থনীতি যেন রক্ষা পায় এবং স্বল্প মেয়াদী কোন পদক্ষেপের ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত নাহয় সেটা নিশ্চিত করা প্রয়োজন।"
এডিবির পরিচালক আরো জানান, রাতারাতি বা কয়েক মাস এমনকি কয়েক বছরেও দেশকে দুর্নীতিমুক্ত করা নাও যেতে পারে। দুর্নীতি বিরোধী অভিযানকে দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে বিবেচনা করা উচিত।
ড. ইফতেখার সাংবাদিকদের জানান, দুর্নীতির বিরুদ্ধে অভিযানে কারিগরি সহযোগিতা হিসেবে এডিবি ১৫ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে।
ইফতেখার বলেন,"দুর্নীতিবিরোধী অভিযানের জন্য এদেশে নেওয়া পদক্ষেপ এবং দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ যে চুক্তি করেছে তার মাঝে পার্থক্যগুলো খুঁজে বের করতে পররাষ্ট্র সচিবকে প্রধান করে একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। জাতিসংঘের এ চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে।"
পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আগামী ছয় মাসের মধ্যে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে এ ফাঁকগুলো খুঁজে বের করা হবে। সেক্ষেত্রে এডিবি'র সহযোগিতাকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুর্নীতি মুক্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের ওই দুর্নীতিবিরোধী সনদ অনুযায়ী একটি পরিকল্পনা প্রণয়ন করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমএ/১৪৩৫ঘ.
bdnews24