ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, দুর্নীতিমুক্ত সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে সচেতন জনগোষ্ঠী ও সুশিক্ষিত নাগরিক প্রয়োজন। আর সে জন্য সব নাগরিককেই শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। তারাই প্রকৃত গণতন্ত্র ও অর্থনীতির চাকা সচল রাখবে।
প্রধান উপদেষ্টা বলেন, "প্রাথমিক শিক্ষায় শিশুদের চরিত্রবান ও সুনাগরিক হবার মৌলিক গুণাবলী শেখার ওপর জোর দিতে হবে। কচি-নবীন মনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, শৃঙ্খলা, সততা, পরিচ্ছন্নতা এবং দেশপ্রেমে উজ্জীবিত করার শিক্ষা দেয়া প্রয়োজন।"
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী। এতে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
ড. ফখরুদ্দীন আহমদ সাক্ষরতার হার বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, "আগামী ২০১৫ সালের মধ্যে বয়স্ক সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য স্থির করা করা হয়েছে। এজন্য দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।"
প্রধান উপদেষ্টা বলেন, "দারিদ্র্য হ্রাস কৌশলপত্র (পিআরএসপি) অনুসারে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনকল্যাণ বাড়াতে শিক্ষার ভূমিকা আরো অর্থবহ করা প্রয়োজন। কৌশলগত লক্ষ্য হিসেবে বিদ্যালয়ে গমনের উপযোগী শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি, লিঙ্গ সমতা অর্জন, প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার সম-অধিকার নিশ্চিত করার ওপর জোর দেয়া হচ্ছে।"
গুণগত শিক্ষা নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রয়াস জরুরি এ কথা জানিয়ে তিনি বলেন, "বিদ্যালয়ের সঙ্গে সমাজের একটি কার্যকর যোগসূত্র স্থাপন আজ সময়ের দাবি।"
সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, সমাজের সজ্জন ব্যক্তিদের সমন্বয়ে বিদ্যালয় পরিচালনার সুদৃঢ় প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান ড. ফখরুদ্দীন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এমএ/১৮২০ঘ.
bdnews24