ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধ বিমান কেনার বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন তার আইনজীবীরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার স্বাক্ষরের জন্য তার কাছে ওকালত নামা পাঠানো হয়েছে। এ দিনই হাইকোর্ট মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দেয়।
বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার দিকে হাসিনার আইনজীবী ব্যারিষ্টার ফজলে নূর তাপস ওকালত নামা নিয়ে বিশেষ করাগারে যান।
পরে তিনি সাংবাদিকদের জানান, কারা কর্তৃপক্ষের মাধ্যমে ওকালত নামার কপি শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে।
ফজলে নূর তাপস বলেন, "মিগ-২৯ মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়া রায়ে আমরা খুবই ক্ষুদ্ধ। আমরা মনে করি শেখ হাসিনা ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আমরা আপিল করব। সে জন্য স্বাক্ষরের জন্য একটি ওকালত নামা তার কাছে পাঠানো হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/এমএইচবি/২০৩৩ ঘ.
bdnews24