২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় লাখ উর্দুভাষী ভোটাধিকার ও জাতীয় পরিচয়পত্র পাবেন

বাংলাদেশে জন্ম নেওয়া এবং এ দেশের প্রতি আনুগত্য প্রকাশকারী প্রায় দেড় লাখ আটকেপড়া উর্দুভাষী পাকিস্তানি এ বছর জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার সুযোগ পাচ্ছে। যারা পাকিস্তানে ফেরত যেতে চায় তারা এ সুযোগ পাবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হবে। সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়া সাংবাদিকদের বলেন, "আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে আগামী ১৫ দিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে জন্ম নেওয়া এবং এ দেশের প্রতি আনুগত্য প্রকাশকারী প্রায় দেড় লাখ আটকেপড়া উর্দুভাষী পাকিস্তানি এ বছর জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার সুযোগ পাচ্ছে। যারা পাকিস্তানে ফেরত যেতে চায় তারা এ সুযোগ পাবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হবে। সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়া সাংবাদিকদের বলেন, "আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে আগামী ১৫ দিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" চলতি ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদান কর্মসূচিতে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকেপড়া উর্দুভাষী পাকিস্তানি নাগরিকদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই এ সভা হয় বলে শাহেনুর মিয়া জানান। শাহেনুর মিয়া আরও জানান, বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষীদের অনেকে এখনো নিজেদের পাকিস্তানি হিসেবে পরিচয় দিতে আগ্রহী। তারা এখন পর্যন্ত বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ না করে পাকিস্তানে ফিরে যেতে চায়। যারা পাকিস্তানে ফিরে যেতে আগ্রহী তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান বা ভোটার করা হবে না। জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশের জন্মগ্রহণকারী, বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং স্বাধীনতা যুদ্ধ চলাকালে খুবই ছোট ছিল, এমন উর্দুভাষী নাগরিকদের এ বছর বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র প্রদান এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র প্রদান এবং ভোটার তালিকাভুক্তির জন্য সময় কম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে স্বল্পতম সময়ের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান শাহেনুর মিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হুমায়ুন কবির, আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৭২ সালের পরে যারা এদেশের বিহারি ক্যাম্পগুলোতে জন্মেছে, তারা বাংলাদেশের নাগরিক কিনা এবং তাদের ভোটাধিকার দেওয়া হবে কিনা তা আমরা সরকারের কাছে জানতে চেয়েছিলাম। কেননা কয়েক বছর আগে আদালতের একটি রায় রয়েছে, '৭২ সালের পরে যারা বিহারি ক্যাম্পে জন্মেছে তাদের ভোটাধিকার দিতে হবে।" তিনি আরও বলেন, "এদেশে ১৯৭১ সালে আটকে পড়া পাকিস্তানিদের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। কেননা এটি নির্ধারিত হয়েই আছে তারা এদেশের নাগরিক নয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/এমএ/এমএইচবি/১৯৩০ ঘ.