বরগুনা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা বিএনপির সভাপতি ও বামনা-পাথরঘাটা আসনের সাবেক সাংসদ নূরুল ইসলাম মনির বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
বুধবার জেলা দায়রা জজ আদালতে মনির বিরুদ্ধে নতুন মামলাটি করেন বরগুনার ছোট গৌরীচন্না মীর মহলের মাহফুজুর রহমান। ১ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার ৮৮৪ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করা এ মামলায় মোট আট জনকে আসামি করা হয়েছে।
এ নিয়ে নূরুল ইসলাম মনির বিরুদ্ধে মোট সাতটি মামলা হলো।
মামলার এজাহারে মাহফুজুর রহমান অভিযোগ করেন, ২০০৪-২০০৫ অর্থ বছরে মনির সহযোগিতায় পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামাল রাজাপুর-কাঁঠালিয়া-বামনা-পাথরঘাটা সড়কের ৪৫ কিলোমিটার পথ নির্মাণের ৫ কোটি ১৫ লাখ টাকার কাজ হাতিয়ে নিয়ে ১ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার ৮৮৪ টাকা আত্মসাত করেন।
সাইফুল ইসলামকে মামলার দুই নম্বর আসামি করা হয়েছে। অপর আসামিরাও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৭ ঘ.
bdnews24