২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ীই নির্বাচন হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ীই নির্বাচন হবে। আর সে লক্ষ্যেই ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে। বুধবার সকালে সাভার পৌর এলাকায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির প্রকল্প 'অপারেশন নবযাত্রা'র কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। ভোটার তালিকা তৈরির কাজে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, "সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটার তালিকা তৈরির কাজ চলছে; যা চোখে না দেখলে বিশ্বাস হয় না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 08:47 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সাভার, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ীই নির্বাচন হবে। আর সে লক্ষ্যেই ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে। বুধবার সকালে সাভার পৌর এলাকায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির প্রকল্প 'অপারেশন নবযাত্রা'র কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। ভোটার তালিকা তৈরির কাজে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, "সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটার তালিকা তৈরির কাজ চলছে; যা চোখে না দেখলে বিশ্বাস হয় না।" ভোটার তালিকার কাজে সহায়তার জন্য সেনাসদস্যদের ধন্যবাদ জানান তিনি। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, ঢাকার জেলা প্রশাসক কামাল উদ্দিন, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসহাব উদ্দিন, নির্বাচন উপ-কমিশনার লুৎফর রহমানসহ প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সাভার কলেজে ভোটার নিবন্ধন কেন্দ্রে এসে পৌঁছান। এসময় নিবন্ধন করতে আসা জনগণের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি। ভোটার হওয়ার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান । বেলা ১২টা ১০ মিনিটে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে সাভার ছাড়েন। রাষ্ট্রপতির সফর ঘিরে পুরো সাভার জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। মোড়ে মোড়ে তল্লাশি চালায় নিরাপত্তা রক্ষীরা। পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদেরও মোতায়েন করা হয় বিভিন্ন জায়গায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএ/১৪৪১ ঘ.