ঝিনাইদহ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর ও হরিনাকুণ্ড উপজেলার সীমান্তবর্তী গ্রাম তালবাড়িয়াতে বন্দুকযুদ্ধের পর সোমবার রাতে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আইনুল বারী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে এক দল ডাকাতকে গ্রেপ্তারে তালবাড়িয়া গ্রামের ত্রিমোহনী এলাকায় পুলিশের একটি দল অবস্থান নেয়। রাত একটার দিকে ছয় জনের ডাকাত দল পুলিশের ওপর গুলি চালায়। ওই সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
১৫ মিনিট গোলাগুলির পর ডাকাত দল পিছু হটার সময় একটি বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ সবদুল ও আমিরুল নামে দুই জনকে পুলিশ গ্রেপ্তার করে বলে আইনুল বারী জানান। গোলাগুলিতে আহত অপর ডাকাত রুহুল আমিনকে গ্রামবাসী ধরে পুলিশের হাতে তুলে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ডাকাতদের গুলির জবাবে পুলিশ ১১ রাউন্ড গুলি ছুড়ে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সবদুলের বাড়ি তালবাড়িয়ায়। এছাড়া আমিরুলের বাড়ি কন্যাদহ গ্রামে ও রুহুল আমিনের বাড়ি বেড়ভিন্নি গ্রামে।
পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১০ ঘ.
bdnews24