চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ২০০৫ সালের ১৭ আগস্ট নগরীর অলংকার মোড়ের বন্দর বিতান মার্কেটে জেএমবির বোমা হামলার ঘটনায় পাহাড়তলী থানায় দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
সাক্ষ্য গ্রহণের প্রথম দিন সোমবার ভারপ্রাপ্ত চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ দিলীপ কুমার নাথের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদি উপ-পরিদর্শক মুজিবুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিউল মোর্শেদ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় মোট ২৪ জনের সাক্ষ্য নেওয়া হবে।
সাক্ষ্য গ্রহণের সময় মামলার দুই অভিযুক্ত আসামি জেএমবি সদস্য জাবেদ ইকবাল ওরফে মোহম্মদ এবং আরশাদুল আলম উপস্থিত ছিলেন বলে আইনজীবী শফিউল মোর্শেদ জানান।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৪ জানুয়ারি এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয় এবং একই বছরের ২৯ জুলাই আদালতে মামলার অভিযোগ গঠন হয়।
১৭ আগস্টের ঘটনায় চট্টগ্রামে দায়ের করা মোট আটটি মামলার মধ্যে এই প্রথম কোনও মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমআই/১৮২৩ ঘ.
bdnews24