২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা বিশেষ কারাগারে, রিমান্ডে কোকো

আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়েছে খালেদা জিয়াকে। সকাল দশটার দিকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালত থেকে তাকে নিয়ে নিরাপত্তা বাহিনীর বিশাল গাড়িবহরটি সংসদ ভবনের বিশেষ কারাগারের দিকে রওনা হয়। সকাল সোয়া দশটার দিকে সংসদ ভবন চত্বরে স্পিকারের জন্য নির্মিত বাসভবনে স্থাপিত বিশেষ কারাগারে পৌঁছায় গাড়ি বহরটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 04:21 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়েছে খালেদা জিয়াকে। সকাল দশটার দিকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালত থেকে তাকে নিয়ে নিরাপত্তা বাহিনীর বিশাল গাড়িবহরটি সংসদ ভবনের বিশেষ কারাগারের দিকে রওনা হয়। সকাল সোয়া দশটার দিকে সংসদ ভবন চত্বরে স্পিকারের জন্য নির্মিত বাসভবনে স্থাপিত বিশেষ কারাগারে পৌঁছায় গাড়ি বহরটি। এর আগে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে সাতদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসা থেকে খালেদা ও কোকোকে গ্রেপ্তারের পর সকাল সোয়া আটটার দিকে তাদের মহানগর হাকিম এবিএম আব্দুল ফাত্তাহর আদালতে হাজির করা হয়। আগের রাতে তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পুলিশ কোকোকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করে। তবে খালেদাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। আদালত কোকো সাতদিনের রিমান্ডে পাঠানো ও খালেদার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভূইয়াঁর নেতৃত্বে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, লুৎফে আলম ও খোরশেদ আলমকে নিয়ে গঠিত আইনজীবীদের একটি প্যানেল। সরকার পক্ষে ছিলেন দুর্নীতি দমন প্রসিকিউশন অফিসার আব্দুর রশীদ। সোমবার সকাল সাড়ে ৭ টার কিছু পরে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা ও কোকোকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় খালেদার ব্যক্তিগত কর্মচারী ইউসুফ ও আমিরকেও গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তাদের সরাসরি ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়। সকাল আটটার কিছু পরে খালেদা জিয়াকে বহনকারী ছাইরঙা নিশান পেট্রোল গাড়িটি (ঢাকা মেট্রো ঘ ০২-৩৩২৭) আদালত চত্বরে প্রবেশ করলেও প্রচণ্ড ভিড়ের কারণে অন্তত পনেরো মিনিট তাদের গাড়ি থেকে নামানো সম্ভব হয়নি। সোয়া আটটার দিকে অফ হোয়াইট জর্জেট শাড়ি ও সানগ্লাস পরা খালেদা এবং নীল রঙের জিন্স ও ছাইরঙের টি শার্ট পরা কোকোকে মহানগর হাকিম এবিএম আব্দুল ফাত্তাহর আদালতে হাজির করা হয়। আসামির কাঠগড়ায় খালেদা ও কোকোকে চেয়ারে বসতে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়ার ঠিক আগে খালেদা জিয়া টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি গ্রেপ্তারকে ভয় পান না। রোববার রাতে খালেদা ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে এই গ্রেপ্তারের ঘটনা ঘটলো। সোমবার ভোর পাঁচটার পর পুলিশ কর্মকর্তারা ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় প্রবেশ করে খালেদা ও তার ছেলে আরাফাত রহমান কোকোকে তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। ৫টা ৪০ মিনিটে বাসার কর্মচারী রুহুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''পুলিশ কর্মকর্তারা এখন ড্রইং রুমে। উনারা ম্যাডাম ও কোকো ভাইয়াকে রেডি হতে বলেছেন। তারা প্রস্তুতি নিচ্ছেন। ম্যাডাম নামাজ পড়ে বেরুবেন।" রোববার রাতে খালেদা জিয়া ও কোকোসহ মোট ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রাত সোয়া ১১টার দিকে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি (গ্যাটকো) নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়ায় সরকারের এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এ মামলায় অভিযোগ করা হয়েছে। মামলা দায়েরের আগে রাত ১১ টা থেকেই ঢাকা সেনানিবাস এলাকায় খালেদা জিয়ার বাসার নিরাপত্তা জোরদার করা হয়। ভোর ৫ টার দিকে ছয়টি মাইক্রোবাস ও দুটি জিপে গোয়েন্দা পুলিশ এবং দুটি পিকআপে করে পুলিশ সদস্যরা জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করে। এর কয়েক মিনিট পর দ্বিতীয় দফায় আরও ২০ থেকে ২৬ টি গাড়ির একটি বহরকে একই গেট দিয়ে ক্যান্টনমেন্ট প্রবেশ করতে দেখা যায়। সকাল সাড়ে ৭ টার কিছু পরে খালেদা ও তার ছেলেকে বাসা থেকে বের করে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। গত ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের দেড় মাস পর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিবি/এলএইচ/জেকে/এমএইচবি/এসএইচ/১২৫৫ ঘ.