২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের অভিযোগে খুলনায় আওয়ামী লীগ নেতা দুই ছেলেসহ গ্রেপ্তার

খুলনা মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এস এম কামরুল আলম মিন্টু এবং তার দুই ছেলে এস এম শামিউল আলম রুশো ও এস এম সাদিকুল আলম লাজকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

খুলনা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এস এম কামরুল আলম মিন্টু এবং তার দুই ছেলে এস এম শামিউল আলম রুশো ও এস এম সাদিকুল আলম লাজকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রোববার দুপুরে নগরীর বয়রায় নিজ বাসা থেকেই মিন্টুকে গ্রেপ্তার করা হয় বলে জানান সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক মারুফ হোসেন। পরে তার দুই ছেলেকে কর বিভাগের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। পিতা-পুত্র তিন জনের বিরুদ্ধেই সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার উপ-পরিদর্শক ফারুখ আহমেদ বাদি হয়ে মামলাটি করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা মিন্টুর গাড়ি চালক ইলিয়াসের কাছে বয়রা কলেজ মোড়ের চায়ের দোকানি মোহম্মদ আলী (৬৫) রোববার পাওনা টাকা চাইতে গেলে ইলিয়াস তাকে মারধর করে। এ ঘটনার প্রতিকার চেয়ে মোহম্মদ আলী আওয়ামী লীগ নেতা মিন্টুর কাছে যায়। ওই সময় মিন্টু ক্ষিপ্ত হয়ে মোহম্মদ আলীর ওপর চড়াও হয় এবং তার ছেলেরা চা দোকানটিতে তালা মেরে দেয়। পুলিশ কর্মকর্তা মারুফ জানান, মোহম্মদ আলীর ছেলে আরিফুল ইসলাম তার বাবার ওপর নির্যাতনের খবর পেয়ে তা র‌্যাবকে জানায়। তখন র‌্যাবের একটি দল ঘটনাস্থল থেকে মোহম্মদ আলীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর পরপরই বেলা দেড়টার দিকে বয়রা কলেজ রোডের বাসা থেকে পুলিশ মিন্টুকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, র‌্যাব সদস্যরা কর বিভাগের অফিসে অভিযান চালিয়ে মিন্টুর ছেলে রুশো ও লাজকীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আওয়ামী লীগ নেতা মিন্টুর বিরুদ্ধে নগরীর বয়রা এলাকার হাতেম শেখ হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২১ ঘ.