রাজশাহী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটক তিন শিক্ষককে রোববার আদালতে হাজির করা হয়। ওই সময় শিক্ষকদের পক্ষের আইনজীবীরা কারাগারে তাদের ডিভিশন ও সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান। এ বিষয়ে আদালত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। জরুরি বিধিমালায় মামলা হওয়ার কারণে শিক্ষকদের জামিন চাইতে পারেননি আইনজীবীরা। এদিকে আটক তিন শিক্ষকসহ মোট আট শিক্ষকের বিরুদ্ধে শনিবার দুটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
রোববার দুপুর ১টার দিকে ভাংচুরের মামলায় রাজশাহী দ্রুত বিচার আদালতে হাজির করা হয় সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাইদুর রহমান খান, ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ও প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সোবহান এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মলয় ভৌমিককে। সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদিকুল ইসলামকেও একই আদালতে হাজির করা হয়।
আদালতে আইনজীবী অ্যাডভোকেট হামিদুল হক ও আসলাম সরকার কারাগারে তিন শিক্ষককে ডিভিশন দেওয়া এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানান।
আইনজীবীরা বলেন, "আটক তিন শিক্ষক দেশের সম্মানিত ব্যক্তি। প্রত্যেকেই মুক্তিযোদ্ধা। তাই তারা এসব সুবিধা পেতে পারেন।"
ওই সময় আদালত পরিদর্শক কৃষ্ণদাস বিশ্বাস আইনজীবীদের দাবির বিরোধিতা করে বলেন, "তারা মুক্তিযোদ্ধা হলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও উষ্কানিমূলক বক্তব্য দিয়ে রাষ্ট্রদ্রোহীর কাজ করেছেন।"
এ পর্যায়ে শিক্ষকদের আইনজীবী আসলাম সরকার আদালতকে বলেন, "সরকারবিরোধী বক্তব্য দেওয়া আর রাষ্ট্রদ্রোহিতা এক কথা নয়।"
উভয় পক্ষের বক্তব্য শেষে বিচার ফজলুল করীম চৌধুরী কারাগারে তিন শিক্ষককে সুচিকিৎসা এবং ডিভিশনের বিষয়ে কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আদালত আগামী ৬ সেপ্টেম্বর দুই মামলারই পরবর্তী দিন ধার্য করে। একই সঙ্গে সেদিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আব্দুল্লাহ আল মামুন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, অধ্যাপক সারোয়ার জাহান সজলসহ অপর আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।
কারাগারে ডিভিশন দেওয়ার বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে উপমহা কারা পরিদর্শক (ডিআইজ প্রিজন) মেজর হাফিজুর রহমান মোল্লা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের আদেশ এখনও আমাদের হাতে এসে পৌঁছেনি। আদেশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে অসুস্থতার কারণে শিক্ষকদের যেন কোনও অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রাখা হবে।"
তিনি জানান, কারাবিধি অনুযায়ী সচিব বা তদুর্ধ্ব মর্যাদার কেউ ডিভিশন পান। সে হিসেবে সাবেক উপাচার্যই ডিভিশন পেতে পারেন।
ছাত্র বিক্ষোভের ঘটনায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে দায়ের করা দুই মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষকসহ ২০ জনকে আসামি করে আদালতে শনিবার রাতে তদন্ত কর্মকর্তারা অভিযোগ পত্র দাখিল করে বলে জানান রাজশাহী মহানগর হাকিম আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী।
একই সঙ্গে তিনি জানান, মামলা দুটি জরুরি বিধিমালায় দায়ের করা বলে এগুলোর বিচার কাজ দ্রুত বিচার আদালতে হবে।
সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় মতিহার থানার উপ-পরিদর্শক ফারুখ হোসেনের দায়ের করা মামলার অভিযোগ পত্র দেন তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন। এতে অভিযুক্ত করা হয় সাইদুর রহমান খান, আব্দুস সোবহান, মলয় ভৌমিক, দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আব্দুল্লাহ আল মামুনকে।
ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর অভিযোগে গোয়েন্দা সংস্থাটির সহকারী পরিচালক শওকত আলীর দায়ের করা মামলার অভিযোগ পত্র দেন তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেন। এতে অভিযুক্ত করা হয়েছে, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, অধ্যাপক সারোয়ার জাহান সজল, জনসংযোগ কর্মকর্তা সাদিকুল ইসলাম, রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, রাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ ১৪ জনকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীরদের ব্যাপক সংঘর্ষ ও ভাংচুর হয়। ওই সময় পুলিশের গুলিতে নিহত হন এক রিকশা চালক। ওই ঘটনার পরপরই সাইদুর রহমান, আব্দুস সোবহান ও মলয় কুমার ভৌমিককে আটক করা হয়। পরে গত ২৫ আগস্ট তিন শিক্ষককে আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
১০ দিনের রিমান্ড শেষ হওয়ার আগে, আট দিনের মাথায় গত শনিবার (১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
জনসংযোগ কর্মকর্তা সাদিকুল ইসলামকে গত ২৯ আগস্ট ক্যাম্পাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসএইচ/১৮০৭ ঘ.
bdnews24