২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর ও আনসারের ১৩০ বিক্রয় কেন্দ্র চালু সোমবার থেকে

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে রাজধানীতে সোমবার থেকে চালু হচ্ছে বিডিআর ও আনসারের ১৩০টি বিক্রয় কেন্দ্র। একইসঙ্গে বিডিআর এর ডালভাত কর্মসূচির আওতায় ২৫টি মুক্ত বাজারও চালু রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে রাজধানীতে সোমবার থেকে চালু হচ্ছে বিডিআর ও আনসারের ১৩০টি বিক্রয় কেন্দ্র। একইসঙ্গে বিডিআর এর ডালভাত কর্মসূচির আওতায় ২৫টি মুক্ত বাজারও চালু রাখা হবে। বিডিআর সূত্র জানায়, এসব বিক্রয় কেন্দ্র থেকে বাজারমূল্যের কম দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা হবে। এজন্য বিডিআর ও আনসারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিক্রয় কেন্দ্রগুলোতে চাল, গম, সব ধরনের ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা, পেঁয়াজ, আদা, মরিচ, হলুদ, রসুন, লবন ও শাকসবজিসহ বিভিন্ন পণ্য থাকবে। এছাড়া, খেজুর ও মাংস রোজার কিছু আগে থেকে বিক্রি শুরু হবে। প্রথমদিকে নির্ধারিত কিছু পণ্য বিক্রি শুরু হলেও পরে চাহিদার পরিপ্রেক্ষিতে পণ্যসংখ্যা বাড়তে পারে বলে সূত্র জানায়। রমজানের শেষ দিন পর্যন্ত বিক্রয় কেন্দ্রের কার্যক্রম চলবে। বিডিআর এর পরিচালক (অপারেশন) কর্নেল আবদুল হালিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখার জন্য ১৫ মার্চ থেকে বিডিআর ছোট পরিসরে কাজ করছে। বর্তমানে ২৫টি মুক্ত বাজার ও ২০টি বিক্রয় কেন্দ্র চালু রয়েছে। রোজাকে সামনে রেখে আরও ৮০টি চালু হবে।" বিডিআর সূত্র জানায়, এখন রাজধানীতে বিডিআরের ২০টি বিক্রয় কেন্দ্র চালু আছে। রমজান উপলক্ষে আরও ৮০টি চালু হলে মোট একশ' বিক্রয় কেন্দ্র থাকবে ঢাকায়। এছাড়া, আনসারের উদ্যোগে পরিচালিত হবে ৫০টি বিক্রয় কেন্দ্র। বিডিআর দুশ'টি স্থায়ী বিক্রয় কেন্দ্র চালু করার ঘোষণা দিলেও আপাতত একশ'টি চালু করা হচ্ছে। এসবের পাশাপাশি ১০ সেপ্টেম্বর থেকে উত্তরায় একটি পাইকারি বাজার চালু করার চিন্তাভাবনা করছে বিডিআর। রাজধানী ছাড়াও দেশের ৩২টি জেলায় বিডিআরের ৭৪টি বিক্রয় কেন্দ্র চালু রয়েছে। এসব বিক্রয় কেন্দ্র রোজার সময় খোলা থাকবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/২২২১ ঘ.