ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) সরকারের বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের জন্য আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
উপদেষ্টা বলেন, "এ ব্যপারে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। সহায়তা তহবিলের আকার ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে আইডিবির একটি প্রতিনিধি দল কিছু দিনের মধ্যেই ঢাকা আসবে।"
শুক্রবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের কার্যালয়ে ঢাকা সফররত আইডিবি প্রেসিডেন্ট আহমাদ মোহাম্মদ আলীর সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে সরকার ও আইডিবি মধ্যে ৯১ লাখ ৯০ হাজার ডলারের তিনটি চুক্তি স্বাক্ষর হয়।
আইডিবি ইতোমধ্যে জরুরি সহায়তা হিসেবে ২ লাখ ৮০ হাজার ডলার এবং বন্যা পরবর্তী পুনর্বাসন কাজের জন্য ১৫ লাখ ডলার দিয়েছে।
বৈঠকে যে তিনটি চুক্তি হয়েছে তার আওতায় আইডিবি বৃহত্তর রংপুরের কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পে ৮৬ লাখ ৮০ হাজার ডলার ঋণ দেবে। এছাড়া, ভোলায় সমন্বিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও বরিশাল ভোলা-বোরহানুদ্দিন ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন প্রকল্পের প্রযুক্তি সহায়তা হিসেবে দেবে ২ লাখ ৯৫ হাজার ডলার। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্যও ২ লাখ ১৮ হাজার ডলার দেবে ব্যাংকটি।
আইডিবি প্রেসিডেন্ট আহমাদ মোহাম্মদ আলী ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম ভূঁইয়া নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
বৈঠক শেষে উপদেষ্টা বলেন, "তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে যৌথ উদ্যোগের বিষয়েও আমরা আলোচনা করেছি।"
আইডিবি প্রেসিডেন্ট বলেন, "চুক্তি সাক্ষরে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের কৃষি, বিদ্যুৎ ও জ্বলানী খাতে আমরা সহায়তা দিচ্ছি। আশা করি ভবিষ্যতে আমরা আরও সহযোগিতা করতে পারব।"
আহমাদ মোহাম্মদ আলী ১ সেপ্টেম্বর কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/১৯৪৭ ঘ.
bdnews24