২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাসদস্যের ওপর হামলায় ক্ষমা চাইলেন দুই অধ্যাপক

ঢাকা বিশ^বিদ্যালয়ের গ্রেপ্তারকৃত দুই অধ্যাপক সেনাসদস্যের ওপর হামলাসহ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দুঃখপ্রকাশ ও ক্ষমা চেয়েছেন। এদের একজন অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, সেনাবাহিনীর ওপর হামলা দেশের সার্বভৌমত্বের ওপর হামলারই নামান্তর। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2007, 02:09 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ^বিদ্যালয়ের গ্রেপ্তারকৃত দুই অধ্যাপক সেনাসদস্যের ওপর হামলাসহ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দুঃখপ্রকাশ ও ক্ষমা চেয়েছেন। এদের একজন অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, সেনাবাহিনীর ওপর হামলা দেশের সার্বভৌমত্বের ওপর হামলারই নামান্তর। অন্যজন, অধ্যাপক হারুন-অর-রশীদ ঘটনার জন্য সেনা জোয়ান থেকে সেনাপ্রধান পর্যন্ত সবার কাছে ছাত্রদের হয়ে দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করার সময় প্রবেশমুখে অধ্যাপক আনোয়ার হোসেন "ছাত্ররা আমাদের সেনাবাহিনী, ইউনিফরম পরিহিত সেনাবাহিনীর ওপর আঘাত করেছিল" উল্লেখ করে সাংবাদিকদের বলেন, "আমাদের সেনাবাহিনী কিন্তু পাকিস্তান আমলের সেই দখলদার সেনাবাহিনী নয়। একটি গৌরবদীপ্ত মুক্তিযুদ্ধের ফসল আমাদের সেনাবাহিনী। এই সেনাবাহিনী বাংলাদেশ রাষ্ট্রের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, সংহতির প্রতীক। " (আরও তথ্যসহ-২) তিনি বলেন, "এই সেনাবাহিনীর ইউনিফর্মের ওপর কেউ যদি আঘাত করে তাহলে সেনাবাহিনীর সদস্যদের মনে কেমন আঘাত লাগবে এবং কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে তা আমরা সহজে বুঝতে পারি। সেনাবাহিনীর আত্মমর্যাদায় যে আঘাত লেগেছে, তারা যে অপমান বোধ করেছেন, বিপন্নবোধ করেছেন সে জন্য আন্তরিকভাবে আমরা অত্যন্ত দুঃখিত।" অধ্যাপক আনোয়ার বলেন, "আঘাতটি শুধু সেনাবাহিনীর পোশাকের ওপরই নয়, আঘাতটি পড়ে যায় গোটা সেনাবাহিনীর ওপর, রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এবং ছাত্রদের অভিভাবক হিসেবে সেনাবাহিনীর প্রতিটি জোয়ান থেকে শুরু করে সেনাপ্রধানের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই ক্ষমা প্রার্থনায় গ্লানিবোধ নেই। এই ক্ষমা প্রার্থনা গৌরবের। আমি মনে করি আমার এ কথায় সেনাবাহিনীর মনের ক্ষোভ ও বেদনা দূর হবে।" সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদ বলেন, "বিশ্ববিদ্যালয়ের উত্তেজিত ছাত্ররা ইউনিফর্ম পরিহিত সেনাবাহিনীর ওপর যে আঘাত করেছে তা সত্যিই দুঃখজনক। আমি ছাত্রদের পক্ষ থেকে সামরিক বাহিনীর একজন জোয়ান থেকে সেনাপ্রধান পর্যন্ত সকলের কাছে আমার অন্তরের অন্তস্থল দুঃখ প্রকাশ করছি।" আনোয়ার হোসেন ও হারুন-অর-রশীদকে চারদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম মুহাম্মদ সালেহ উদ্দীনের আদালতে হাজির করা হয়। পুলিশ শাহবাগ থানায় দায়ের করা জরুরি বিধিমালা লঙ্ঘনের আরেকটি মামলায় তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত চারদিন মঞ্জুর করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এসইউএম/এমএইচবি/১৯৫৩ ঘ.