কলকাতা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চোরাচালান বন্ধ করতে ভারতের পূর্বাঞ্চলে গরুর পরিচয়পত্র তৈরির কাজ চলছে। আর সে জন্য ছবি তুলতে গরু নিয়ে গ্রামবাসীদের লাইনে দাঁড়াতে হচ্ছে। বুধবার ভারতীয় কর্মকর্তারা জানান, বাংলাদেশে গরুর চোরাচালান বন্ধ করার জন্য পরিচয়পত্র তৈরির এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষস্থানীয় কর্মকর্তা সোমেশ গোয়াল রয়টার্সকে বলেন, "এটা অদ্ভুত শোনালেও গরু ও তার মালিকের ছবিযুক্ত পরিচয়পত্র পাচার রোধে সহায়ক হবে। তাছাড়া বৈধ ব্যবসার হিসাবও তাতে পাওয়া যাবে।"
ভারত থেকে গরু রপ্তানি নিষিদ্ধ। বাংলাদেশে গরুর মাংসের বেশ চাহিদা রয়েছে। এ সুযোগে চোরাকারবারিরা গ্রামবাসীর কাছ থেকে ৩ হাজার রুপি দরে গরু কিনে বাংলাদেশে পাচার করে বলে খবরে জানানো হয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানান, গত বছর পশ্চিমবঙ্গসহ সে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় ৪ লাখ ৩৫ হাজার গরু বাংলাদেশে পাচার হয়।
গোয়াল বলেন, "এখন ছবিযুক্ত পরিচয়পত্র থাকায় গরুর মালিকরা আর কোন অজুহাত দেখাতে পারবেন না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/২০৫৬ ঘ.
bdnews24