ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটক পাঁচ শিক্ষকের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬১ শিক্ষক।
বুধবার এক বিবৃতিতে তারা যৌথবাহিনীর হাতে শিক্ষকদের আটক হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে শিক্ষকরা বলেন, "কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গভীর রাতে শিক্ষকদের আটক করা, তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং রিমান্ডে নেওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত।"
তারা আরো বলেন, "শিক্ষকদের আটক ও হয়রানির ঘটনা অত্যন্ত অনাকাঙ্খিত ও দুঃখজনক। এ ছাড়া এটা মানবাধিকার লঙ্ঘন।"
বিবৃতিতে দাবি করা হয় "সরকার উৎখাত বা সরকারকে হেয় করার কোনো অসৎ উদ্দেশ্য শিক্ষকদের ছিল না। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষকরা তাদের নৈতিক দায়িত্ব হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন।"
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে আছেন, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আবুল বারাকাত, সৈয়দ মনজুরুল ইসলাম, দূর্গাদাস ভট্টাচার্য, শিশির ভট্টাচার্য, ইসরাফিল শাহিন, সাদেকা হালিম, শেখ হাফিজুর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এফএইচবি/এমএইচবি/২০০৫ ঘ.
bdnews24