ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা মহানগর সহকারি দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মো. সফিউল আজম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এছাড়া এ মামলায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে। তারা হচ্ছেন দেলোয়ার হোসেন রিপন, হারুন উর রশীদ ও রেজাউল তালুকদার।
মামলার বিবরণে জানা যায়, রাজধানীর ফুলবাড়িয়ার বাংলাদেশ সুপার মার্কেটের মালিক বাবুল মিয়ার কাছে চৌধুরী আলম ২০০৩ সালের আগস্ট মাসে ২০ লাখ চাঁদা দাবি করেন। ওই বছরেরই ৩০ আগস্ট বাবুল মিয়ার কার্যালয়ে গিয়ে চৌধুরী আলম ও তার সহযোগীরা চাঁদার ২০ লাখ টাকা নেন।
এই ঘটনায় বাবুলের স্ত্রী আলেয়া বাবুল ২৫ জনকে আসামি করে চলতি বছরের ৭ মে শাহবাগ থানায় মামলা করেন।
১৮ জুন মামলাটিতে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রবিউল হক চারজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। তদন্ত শেষে ২১ জনকে মামলা থেকে অব্যাহতি দেয় পুলিশ।
গত ২২ ফ্রেবুয়ারি ঢাকার মুখ্য মহাগনগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন চৌধুরী আলম। ওই দিনই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসকে/১৬১৮ঘ.
bdnews24