ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনকাল প্রকাশনা লিমিটেড বিলুপ্তির জন্য এর দুই পরিচালকের দায়ের করা পৃথক দুইটি আবেদনের ওপর মঙ্গলবার রায় দেবে হাইকোর্ট।
দিনকাল প্রকাশনা লিমিেিটডের পরিচালক শেখ রাজ্জাক আলী ও রোকনউদ্দিন মোল্লার দায়ের করা পৃথক দুটি আবেদনের ওপর সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রায়ের দিন ধার্য হয়।
আবেদন দুটিতে বলা হয়, দিনকাল প্রকাশনা লিমিটেডের মোট ১৩ পরিচালকের মধ্যে বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদার ও সাবেক সংসদ সদস্য নুরুল আমিন তালুকদার মারা গেছেন। অপর পরিচালকদের অধিকাংশই কারাগারে। এছাড়া কয়েকজন পরিচালক বিএনপি ছেড়ে ভিন্ন দলে যোগ দিয়েছেন। এ অবস্থায় কোম্পানিটি চলতে পারে না।
গতমাসের শেষ সপ্তাহে কোম্পানি বিলুপ্তির জন্য আবেদন করা হলে হাইকোর্ট ২৭ আগস্ট শুনানির দিন ধার্য করেছিল।
এ কোম্পানির আয়কর রিটার্ন জমা না দেওয়ার অভিযোগে দায়ের করা একটি ফৌজদারি মামলায় সোমবার ঢাকার মহানগর হাকিম আদালত সাবেক প্রধানমন্ত্রী ও দিনকাল প্রকাশনা লিমিটেডের অন্যতম পরিচালক খালেদা জিয়াকে আগামী ২৭ সেপ্টেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এমএইচবি/২০৪০ ঘ.
bdnews24