২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার লিভ টু আপিলের শুনানি অব্যাহত

সুপ্রিমকোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের দায়ের করা লিভ টু আপিলের ওপর দ্বাদশ দিনের মতো শুনানি হয় সোমবার ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুপ্রিমকোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের দায়ের করা লিভ টু আপিলের ওপর দ্বাদশ দিনের মতো শুনানি হয় সোমবার । বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বিশেষ বেঞ্চে শুনানিতে অংশ নিয়ে আসামী কর্ণেল শাহরিয়ার রশিদ খানের কৌসুলি আবদুর রেজ্জাক খান বলেন, হাইকোর্টের রায় সঠিকভাবে দেওয়া হয়নি। আইনের ভাষায় একে রায় না বলে অভিমত বলা যায়। তিনি শুনানিতে আরও বলেন, শুধুমাত্র একজন সাক্ষী শাহরিয়ার রশিদ খান ৩২ নম্বর বাড়িতে গোলাগুলির সময় উপস্থিতির কথা স্বীকার করেছেন। কিন্তু হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি তার রায়ে ওই সাক্ষীর সাক্ষ্য আমলে নেননি। শুধুমাত্র দ্বিতীয় বিচারপতি ওই সাক্ষ্যের গুরুত্ব দিয়ে রায় দিয়েছেন। আবদুর রেজ্জাক খান শাহরিয়ার রশিদ খানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন। এরপর আসামী বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদের পক্ষে শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, কোন আসামীকে দোষী প্রমাণ করতে হলে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে। সাক্ষীদের সাক্ষ্যে পরস্পরবিরোধিতা থাকলে আসামী এই সুসন্দেহের সুযোগে খালাস পাবে। মেজর বজলুল হুদা কোন পোষাক পড়ে গুলি করে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালকে হত্যা করেছে এ নিয়ে দুই সাক্ষী পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। এ মামলার বাদি মহিতুল ইসলাম ও ডিএসপি নুরুল ইসলাম সাক্ষ্যে বজলুল হুদার দুই ধরণের পোষাকের কথা বলেছেন। বাদি বলেছেন আসামী বজলুল হুদা খাকী পোষাকে শেখ কামালকে গুলি করেছে। অপরদিকে ডিএসপি নুরুল ইসলাম বলেছেন বজলুল হুদা কালো পোষাক পড়ে গুলি করেছেন। এই পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়টি নিম্ন আদালত সাক্ষ্যে রেকর্ড করলেও রায়ে উল্লেখ করেননি। ব্যারিস্টার মামুন মঙ্গলবার তার শুনানি অব্যাহত রাখবেন বলে সাংবাদিকদের জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮০১ঘ.