চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবন এলাকায় অবস্থিত আইনজীবী সমিতির ভবন থেকে রোববার সকালে ব্যাটারি ও সার্কিটসহ বোমা সদৃশ্য একটি প্যাকেট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আইনজীবী ভবনের নিচের তলায় বাথরুমের কাছে সকাল সাড়ে ১০টার দিকে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। তখন আদালত এলাকার পুলিশ চেক পোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উর্র্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের খবর পাঠান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি বোমা নয়। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্যই কে বা কারা এটি সেখানে রেখে গেছে।"
তিনি জানান, এ ঘটনার পর আদালত পাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আদালতের প্রবেশ মুখে তল্লাশি জোরদার করা হয়েছে।
আদালত ভবনে বোমা পাওয়া গেছে এ ধরনের খবর ছড়িয়ে পড়লে আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে কাজ শেষ না করেই আদালত ভবন ত্যাগ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/২০৫১ ঘ.
bdnews24