২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুল আর প্রার্থনায় ফুলবাড়ি নিহতদের স্মরণ

কড়া পুলিশি নিরাপত্তা ও জেলা প্রশাসনের বেঁধে দেওয়া কর্মসূচি অনুযায়ী রোববার পালিত হয়েছে ফুলবাড়ি দিবস। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ফুলবাড়ি জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে গতবছর এই দিনে নিহতদের শ্রদ্ধা জানানো হয়। শোকগ্রস্ত জনতা কালো ব্যাজ পড়ে শহীদ মিনারে ফুল দেন। পরে শহরের প্রতিটি মসজিদে কুরআনখানি, বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। কয়েকটি মন্দিরে পূজা ও গীর্জায় প্রার্থনাও করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 01:12 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

দিনাজপুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কড়া পুলিশি নিরাপত্তা ও জেলা প্রশাসনের বেঁধে দেওয়া কর্মসূচি অনুযায়ী রোববার পালিত হয়েছে ফুলবাড়ি দিবস। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ফুলবাড়ি জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে গতবছর এই দিনে নিহতদের শ্রদ্ধা জানানো হয়। শোকগ্রস্ত জনতা কালো ব্যাজ পড়ে শহীদ মিনারে ফুল দেন। পরে শহরের প্রতিটি মসজিদে কুরআনখানি, বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। কয়েকটি মন্দিরে পূজা ও গীর্জায় প্রার্থনাও করা হয়েছে। সকালে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ শহীদ মিনারে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। দলগতভাবে কর্মসূচি পালনের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় পরে পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা জানান তেল-গ্যাস-কনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, শুভ্রাংশু চক্রবর্তী, জোনায়েদ সাকি, দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, ফূলবাড়ী কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব এস এম নুরুজ্জামান, ফুলবাড়ি ব্যবসায়ী সমিতিরি সভাপতি নওশাদ আলম মুন্না, সাধারণ সম্পাদক মানিক সরকার প্রমুখ। দুপুরে ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থদের খাবার বিতরণ করা হয়। কর্মসূচি পালনের সময় সময় ফুলবাড়ি জুড়ে ছিল পুলিশ ও র‌্যাবের কঠোর নিরাপত্তা। পুলিশ সুপার মোস্তফা কামাল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ফুলবাড়িতে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। এদিকে ফুলবাড়ি দিবসে ঢাকায়ও নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হয় ফুলবাড়ি নিহতদের স্মরণে। এ সময় উপস্থিত ছিলেন ভাষাসৈনিক আব্দুল মতিন, কামাল লোহানী, ড. শামসুল আলম, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আকমল হোসেন প্রমুখ। এছাড়া বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়। গত বছর ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনির বিরুদ্ধে সেখানে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। তাদের দাবি ছিলো, ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা আহরণ চলবে না। খনির নামে এলাকাবাসীকে জমি-জমা ও বসতবাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না। এক পর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার ওপর গুলি ছুড়লে অন্তত তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো অনেকে। সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শত শত মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়। ফুলবাড়ি হত্যাকাণ্ডের বিরুদ্ধে সেখানকার সাধারণ মানুষ ঢাকা-দিনাজপুর মহাসড়ক ও রেললাইন বন্ধ করে দিয়ে গড়ে তোলে সংঘবদ্ধ অবরোধ। অবশেষে ৩০ আগস্ট আন্দোলনরত তেল-গ্যাস-বিদ্যূৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গে সরকারের পক্ষে রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির মূল কথা হচ্ছে, ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জিকে প্রত্যাহার করা হবে। বন্ধ করা হবে সেখানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি খনন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমআই/১৯১৩ ঘ.