ঢাকা,আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মোল্লা মারা গেছেন।
রোববার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মজিবুর রহমান । তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
মৃত্যু সংবাদ পেয়ে সকালে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, মহানগর বিএনপির সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ দলীয় নেতারা হাসপাতালে ছুটে আসেন। তারা কফিনে পুস্পমাল্য অর্পণ করে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দুপুরে বায়তুল মোকাররম মসজিদে মজিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী, মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমানসহ বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।
বিকেলে মুন্সিগঞ্জের পারিবারিক গোরস্থানে মরহুমকে দাফন করা হয়।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক তথ্য মন্ত্রী এম শামসুল ইসলামসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা পৃথক শোকবাণীতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে মরহুমের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রূহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮১৯ ঘ.
bdnews24