ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া সাবেক উপাচার্য সাইদুর রহমানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটক তিন শিক্ষককে ১০ দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তাদের সবার বিরুদ্ধে জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
একই অভিযোগে ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালকেও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক হারুন-অর-রশীদ ও আজিজুল বারী হেলালকে পর্যায়ক্রমে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আহসান কবীরের আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০ আগস্টের ঘটনা ও পরবর্তী ভাঙচুর-অগ্নিসংযোগে ছাত্র-জনতাকে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়।
অন্যদিকে, রাজশাহীতে শনিবার সন্ধ্যা ৬টার সময় কঠোর নিরাপত্তার মধ্যে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে করে রাবির সাবেক উপাচার্য সাইদুর রহমান, অধ্যাপক আব্দুস সোবহান ও সহযোগী অধ্যাপক মলয় ভৌমিককে রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। (সমন্বিত)
আদালত পরিদর্শক মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী সাংবাদিকদের জানান, মতিহার থানার উপপরিদর্শক ফারুখ হোসেন জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তিন শিক্ষককে ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন জানালে হাকিম রবিউল ইসলাম তা মঞ্জুর করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট শাহবাগ থানায় চার/পাঁচ হাজার অজ্ঞাতানামা ব্যক্তিকে আসামি করে জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় একটি মামলা করেন পুলিশের উপপরিদর্শক সিরাজুল ইসলাম। এ মামলায় ঢাবির দুই শিক্ষক নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ পরিদর্শক আলী আজগর খান শনিবার বিকেল পৌনে ৪টার দিকে অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন-অর-রশীদকে আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।
অন্যদিকে, একই ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম খান আরেকটি মামলা করেন। ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে একই তদন্ত কর্মকর্তা তার জন্যও ১০ দিন রিমান্ড চান।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই থেকে তিনশ' শিক্ষার্থী জরুরি ক্ষমতা বিধিমালা লঙ্ঘন করে সকাল সাড়ে ১০টায় কলাভবন ও মধুর ক্যান্টিন এলাকায় জড়ো হয়ে খণ্ড খণ্ড মিছিল শুরু করেন। এক পর্যায়ে চার/পাঁচ হাজার উশৃঙ্খল ছাত্র বেআইনিভাবে দলবদ্ধ হয়ে টিএসসি, চারুকলা ইনস্টিটিউট, ভিসি'র বাংলো, নীলক্ষেত এলাকায় লাঠি-সোটা নিয়ে মিছিল করতে থাকেন। কিছু বহিরাগত জনতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একাত্মতা প্রকাশ করে সেখানে যোগ দেন।
আবেদনে আরও বলা হয়, আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশরা মিছিলে বাধা দিলে অভিযুক্তরা আক্রমণ করে তাদের জখম করেন। তারা বিভিন্ন স্থানে রিক্সা, গাড়ির টায়ার জড়ো করে অগ্নিসংযোগ করে জনমনে ত্রাস সৃষ্টি করে সাধারণ শিক্ষার পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটান। তারা সকাল থেকে টিএসসি মোড় থেকে শাহবাগ মোড়ে, ভিসির বাংলো, এফ রহমান হলের সামনে, নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় বেআইনিভাবে জড়ো হয়ে ইট পাটকেল ছোড়েন এবং গড়ি ভাঙচুর চালান। এ সময় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
গ্রেপ্তার হওয়া শিক্ষকদের বিষয়ে রিমান্ড আবেদনে বলা হয়, তারা জরুরি অবস্থা ভেঙে বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি ভাংচুর ও বেআইনি কাজ করেন বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তারা জরুরি ক্ষমতা বিধিমালা সম্পর্কে প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন। তাদের নেতৃত্বে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে জিমনেসিয়াম ভবন আক্রমণ করতে উদ্যত হয়। এছাড়া তারা ভিসির বাংলোর সামনে, নীলক্ষেত ও শাহবাগ মোড়ে মিছিল নিয়ে আইন শৃঙ্খলা ভঙ্গ করেন এবং পুলিশের কাজে বাধা দেন।
শিক্ষকদের পক্ষে রিমান্ড আবেদন বাতিল চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট মাহবুবে আলম, সৈয়দ রেজাউর রহমান, মমতাজউদ্দিন মেহেদী পান্না লাল রায় প্রমুখ।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবে আলম শুনানিতে বলেন, তারেক রহমান- যিনি হাওয়া ভবনের মাধ্যমে কোটি কোটি টাকা লুট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়া হয়েছে। তাহলে এ শিক্ষক নেতাদের কেন রিমান্ডে নেওয়ার প্রয়োজন হলো।
তিনি বলেন, বিজ্ঞানী কোপার্নিকাসকে সত্য কথা বলার অপরাধে পুড়িয়ে মারার পর মানব জাতি অনুশোচনায় ভুগেছে। শহীদ বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের ভাই আনোয়ার হোসেনকে নির্যাতনের জন্যও জাতিকে অনুশোচনা করতে হবে। অভিযুক্ত শিক্ষকরা তো দাগী অপরাধী বা দেশদ্রেহী নন। তারা যদি অপরাধ করে থাকেন তাহলে কাঠগড়ায় দাঁড় না করিয়ে এমনিই তো তাদের জিজ্ঞাসাবাদ করা যায়।
মাহবুবে আলম বলেন, "আর্মি ক্যাম্প কেন তুলে নেওয়া হলো? সরকার কেন দুঃখ প্রকাশ করেলো? তাহলে কী করে শিক্ষকরা দোষী হন! এ ন্যাক্কারজনক গ্রেপ্তারের ঘটনায় প্রমাণ হলো কোনো মানুষই আজ নিরাপদ নন।"
শুনানি শেষে বিচারক দুই শিক্ষক নেতার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ছাত্রদল নেতা আজিজুল বারী হেলালের পক্ষে ১০ দিন রিমান্ড বাতিল চেয়ে অ্যাডভোকেট সানাহউল্লা মিয়া শুনানি করেন।
তিনি বলেন, "ঘটনাটি ছিল ছাত্র-জনতার ঐক্যবদ্ধ ক্ষোভের বিস্ফোরণ। এজন্য সরকার সান্ধ্য আইন জারি করতে বাধ্য হয়েছে। মামলার কোনো কাগজপত্রে আজিজুল বারী হেলালের নাম নেই, এছাড়া তিনি জন্ডিসে ভুগছেন।"
আইনজীবী এ সময় আজিজুল বারী হেলালের বিভিন্ন চিকিৎসার কাগজপত্র আদালতে দাখিল করেন।
শুনানি শেষে আদালত ছাত্রদল সভাপতির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির সময় ড. আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আনোয়ার, ড. হারুন আর রশিদের স্ত্রী নারগিস আক্তার ও তাদের ছেলে-মেয়ে এবং আজিজুল বারী হেলালের স্ত্রী বুশরা হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
কঠোর নিরাপত্তায় সাদা রংয়ের মাইক্রোবাসে করে দুপুর সোয়া ২টায় তাদের ঢাকায় মূখ্য মহানগর হাকিমের আদালতের হাজতে আনা হয়।
এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের রিমান্ড আবেদন মঞ্জুরের পরপরই আদালত থেকে তাদের মতিহার থানায় নিয়ে যাওয়া হয়।
উপ-পরিদর্শক ফারুখ হোসেন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় শনিবার রাত থেকেই তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা শুরু হবে।
ফারুখ হোসেন নিজেই বাদী হয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় অজ্ঞাতনামা আড়াই হাজার ব্যক্তিকে আসামি করে বুধবার রাতে একটি মামলা করেন।
বৃহস্পতিবার গভীর রাতে সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সোবহান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় ভৌমিককে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদকে আটক করা হয় বৃহস্পতিবার রাতে। এর প্রায় ৩৬ ঘণ্টা পর ওই দুই শিক্ষককে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
নির্যাতনের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক দুই শিক্ষককে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অধ্যাপক আনোয়ার হোসেনের ছেলে সানজিব হোসেন তার বাবার উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আটকের পর একটি গোয়েন্দা সংস্থার 'ব্ল্যাকহোলে' তাদের রাখা হয়েছিল।
তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও দাবি করেন সানজিব।
তিনি বলেন, "বাবাকে আদালতে নেওয়া হলে সেখানে কিছুক্ষণের জন্য তার সঙ্গে কথা বলার সুযোগ পাই। সেসময় তিনি আমাকে 'ব্ল্যাকহোল' এ রাখা ও নির্যাতনের কথা জানান।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিবি/জেএফ/এমএআর/এসএনডি/জিএনএ/২০৫৯ ঘ.
bdnews24