ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অসন্তোষের জের ছড়িয়ে পড়া বিক্ষোভের ঘটনায় ঢাকার ১১টি থানায় প্রায় ৮০ হাজার মানুষকে আসামি করে ৩৪টি মামলা করা হয়েছে।
রাজধানীর থানাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, এসব মামলার মধ্যে ১৬টি জরুরি বিধিমালায়, একটি অস্ত্র আইনে এবং বাকি মামলাগুলো অন্যান্য ধারায় দায়ের করা হয়েছে। আটটি মামলারই বাদী পুলিশ। কেবল তিনটি মামলা তিনজন ব্যাক্তি আলাদাভাবে দায়ের করেছেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক আখতার মোর্শেদ জানান, ঢাকা বিশ্ব^বিদ্যালয়ের ঘটনায় মোট ১০টি মামলায় আসামির সংখ্যা ১৬ থেকে ১৮ হাজার। এসব মামলার তিনটি জরুরি বিধিমালায়, ১টি বিস্ফোরক আইনে ও বাকি ছয়টি বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী দায়ের করা হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সচিব আমির হোসেন ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেছেন।
ধানমণ্ডি থানার কর্তব্যরত কর্মকর্তা শিউলি খানম জানান, ২৩ ও ২৪ আগস্ট আইশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ থানায় চারটি মামলা হয়েছে। থানার কর্মকর্তারা বাদি হয়ে এসব মামলা করেছেন। চার মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ২৮ হাজার মানুষকে আসামি করা হয়েছে।
নিউমার্কেট থানায় কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আশরাফুল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তার থানায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে তিন হাজার নয়শ' মানুষকে। চারটি মামলাই জরুরি বিধিমালার আওতায় দায়ের করা হয়েছে।
কোতয়ালি থানার কর্মকর্তা মনির হোসেন জানান, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এ থানায় মোট চারটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশের দায়ের করা তিনটিতে প্রায় ১৭ হাজার মানুষকে আসামি করা হয়েছে। চারটির মধ্যে ২টি মামলা হয়েছে জরুরি বিধিমালার আওতায়। এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ে ভাংচুর ও গাড়ি পোড়ানোর অভিযোগে বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণপদ পাল 'একদল উশৃঙ্খল' যুবককে আসামি করে একটি মামলা করেছেন।
গুলশান থানায় মামলা হয়েছে ২টি। উপপরিদর্শক সৈয়দা জাকিয়া বেগম জানান, এসব মামলায় মোট এক হাজার থেকে ১২শ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১টি জরুরি বিধিমালায় এবং অন্য অভিযোগে ১টি মামলা দায়ের করা হয়েছে।
মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা আশরাফ আলী জানান, বিক্ষোভের ঘটনায় তার থানায় ২টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে প্রায় ৬ হাজার জনকে। এর মধ্যে ২৩ আগস্ট দায়ের করা মামলায় ৪ থেকে ৫ হাজার এবং শনিবার জরুরি বিধিমালায় দায়ের করা মামলায় ৯০০ থেকে ১০০০ জনকে আসামি করা হয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক আহসান হাবীব বলেন, বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় ২টি মামলায় প্রায় ৯শ' জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে জরুরি বিধিমালায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা বাবুল আক্তার জানান, এ থানায় ২টি মামলায় তিন থেকে চার হাজার মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে জরুরি বিধিমালায় দায়ের করা হয়েছে একটি মামলা।
পল্টন থানার উপপরিদর্শক ফৌজিয়া খানম জানান, জনৈকা রেখা খন্দকার বাদি হয়ে ১৫/২০ জনকে আসামি করে এ থানায় একটি মামলা করেছেন।
মিরপুর থানার উপপরিদর্শক হামিদুল হক জানান, বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এ থানায় জরুরি বিধি মালায় ২টি মামলা হয়েছে। এতে ২ থেকে ৩ শ' জনকে আসামি করা হয়েছে।
মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক আব্দুস সালাম জানান, তার থানায় জরুরি বিধিমালায় দায়ের করা একটি মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/জেকে/জিএনএ/২০৩৬ ঘ.
bdnews24