ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বনানী কবরাস্থানে ফুল দেওয়ার মাধ্যমে শুক্রবার আইভি রহমানের তৃতীয় মৃত্যবার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান গুরুতর আহত হন। তিনদিন পর ২৪ আগস্ট তার মৃত্যু হয়।
শুক্রবার সকাল ১০টায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আইভি রহমানের স্বামী জিল্লুর রহমান, দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সাহারা খাতুন, আব্দুল মান্নানসহ বিভিন্ন স্তরের নেতারা বনানীতে আইভি রহমানের কবরে ফুল দেন এবং ফাতেহা পাঠ করেন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এছাড়া আইভি রহমানের ছেলেমেয়েসহ তাদের সন্তান-সন্ততিরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিকেলে আসরের পর গুলশানের আইভি কনকর্ড টাওয়ারের বাসভবনে মিলাদ মাহফিল হয়। আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ মরহুমার নিকট আত্মীয়রা এতে অংশ নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/জেকে/১৭১৫ ঘ.
bdnews24