২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকটি নদীর পানি বাড়লেও ভয়ের কারণ নেই: বন্যা পূর্বাভাস কেন্দ্র

দেশের নদনদীগুলোর বেশ কিছু পয়েন্টে পানি বেড়েছে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 11:05 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশের নদনদীগুলোর বেশ কিছু পয়েন্টে পানি বেড়েছে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস কেন্দ্র তাদের নিয়মিত বুলেটিনে জানায়, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন নদনদীর ৬৩টি পয়েন্টের মধ্যে ১৯টি পয়েন্টে পানি বেড়েছে। কমেছে ৪০টি পয়েন্টে। এরমধ্যে পাঁচটি পয়েন্টে চারটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারি প্রকৌশলী মোহাম্মদ আইনুল কবির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান নদনদীগুলোর পানি কমছে। মেঘনা অববাহিকার নদীগুলোর বেশ কিছু পয়েন্টে পানি বাড়লেও এতে বন্যা পরিস্থিতির তেমন অবনতি ঘটবে না বলে আশা করা যায়। কারণ এসব পয়েন্টে পানি এখনও বিপদ সীমার নিচে রয়েছে। পাংখা, রাজশাহী ও হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বাড়লেও বাড়ার হার খুবই কম। দু'একদিনের মধ্যে এ পয়েন্টগুলোতেও পানি কমতে শুরু করবে। পূর্বাভাস কেন্দ্র আরও জানায়, ব্রহ্মপুত্র অববাহিকায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ২৪ ঘণ্টায় ৪৫ সেন্টিমিটার বেড়েছে। এ অববাহিকার নদনদীগুলোর মধ্যে আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া জায়গীর পয়েন্টে ধলেশ্বরী নদীর পানিও কিছুটা বেড়েছে। গঙ্গা অববাহিকায়ও বেশ কয়টি নদীর পানি বেড়েছে। পাংখা পয়েন্টে গঙ্গা, গোয়ালন্দ ও ভাগ্যকুল পয়েন্টে পদ্মা, ঝিকরগাছা পয়েন্টে কপোতাক্ষ নদীর পানি বিপদ সীমার ১৫, ৩০, ১৯ ও ৪৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। মেঘনা অববাহিকার উল্লেখযোগ্য নদীগুলোর প্রায় সবগুলোর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। এরমধ্যে কানাইঘাট পয়েন্টে সুরমা, অমলসীদ ও শ্যাওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বেড়েছে ৪০, ৪৭ ও ৬৫ সেন্টিমিটার। এছাড়া সুরমা, মনু, খোঁয়াই ও মেঘনা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় খানিকটা বেড়েছে। পানি বেড়েছে মহুরী, হালদা, মাতামহুরি ও ফেনী নদীরও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৬৫৮ ঘ.