ঢাকা ,২২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দায়িত্বপালন শেষে ঘরে ফেরার সময় বুধবার রাতে আটক কয়েকজন সাংবাদিককে রাত ১২ টার দিকে মোহাম্মদপুর থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে। এদের মধ্যে বিডিনিউজ এর ৩ জন সাংবাদিক ছিলেন।
সেনা সদস্যরা বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করেছিল। আটক করার সময় তারা কয়েকজনকে বেদম মারধরও করে।
মোহাম্মদপুর থানার সহকারী পরিদর্শক মোকতার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান ওই থানায় সোপর্দ করা সবাইকে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে রাত সোয়া ১০টার দিকে বিডিনিউজ এর সাংবাদিক লিটন হায়দার, বিপ্লব রহমান ও আসিফ আহমেদ রম্যকে ২৭ নম্বর রোডের অদূরেই শংকরের কাছে সংবাদপত্রের গাড়ি থামিয়ে ধরে নিয়ে যায় সেনা সদস্যরা। তাদেরকে পরে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
এসময় তারা আইডি কার্ড দেখিয়ে নিজেদের পরিচয় দিলেও সেনাসদস্যরা বলে, "আমরা এসব বুঝিনা। তোমরা জানো না, আজ কি হচ্ছে দেশে?"
মোহাম্মদপুর থানায় আটক ১২ জন সাংবাদিকের মধ্যে আরো ছিলেন বৈশাখী টিভির আনিস আলমগীর, সমকালের আবদুল মজিদ, নিউ এজ এর আলোকচিত্রী সানাউল হক এবং সিএসবির ৩ জন সাংবাদিক। এর মধ্যে সানাউল হক সেনাসদস্যদের প্রহারে মারাত্মক আহত হন।
এর কিছু আগেই বিডিনিউজ কার্যালয়ের নিচে সিঁড়ির কাছে গাড়ির জন্য অপেক্ষা করার সময় সেনা সদস্যরা এসে সাংবাদিক মাসুদ পারভেজ ও এহসান লেনিনকে বেধড়ক মারে। তারা পরিচয় দিয়েও রেহাই পাননি। সেনাসদস্যরা তাদের লাঠি, হকি স্টিক ও বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে।
উল্লেখ করা যেতে পারে, সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে কারফিউ
পাস সংগ্রহ করতে না পারলে নিজের পরিচয়পত্র পাস হিসেবে
ব্যবহার করা যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে ০০২৭ ঘ.
bdnews24