২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় বন্ধে ক্ষোভ চবি শিক্ষক মহলে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ কয়েক জন শিক্ষক বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল খালি করে দেওয়ার সরকারি সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ এবং এর প্রতিবাদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

চট্টগ্রাম, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ কয়েক জন শিক্ষক বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল খালি করে দেওয়ার সরকারি সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ এবং এর প্রতিবাদ জানিয়েছেন। এদিকে সরকারি ঘোষণার পরপরই চবির সিন্ডিকেট বুধবার সন্ধ্যায় এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে সে সিদ্ধান্তের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন সিন্ডিকেট সদস্য এক জন শিক্ষক। উপাচার্য অধ্যাপক এম বদিউল আলমের রাত পৌনে ৮টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নয়, দিনভর সংঘর্ষের পর ক্যাম্পাসের পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, "পরিস্থিতি বিস্ফোরণোম্মুখ হওয়ায় নিজ তাগিদেই সিন্ডিকেট ওই সিদ্ধান্ত নেয়।" সিন্ডিকেট সদস্য হেলাল উদ্দিন নিজামী সিন্ডিকেটের এ সভার তীব্র বিরোধিতা করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিন্ডিকেট এ ধরনের একতরফা সিদ্ধান্ত নিতে পারে না।" তিনি অভিযোগ করেন, "সব সিন্ডিকেট সদস্যদের জন্য অপেক্ষা না করেই উপাচার্য মাত্র চার জন সিন্ডিকেট সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেন।" তিনিসহ আরও কয়েকজন সিন্ডিকেট সদস্য বিশ্ববিদ্যালয়ে পৌঁছার আগেই তড়িঘড়ি করে সভা শেষ করা হয় জানিয়ে হিলালউদ্দিন নিজামী বলেন, "সিন্ডিকেটের এ সিদ্ধান্ত কোনোভাবেই বৈধ নয়।" তিনি জানান, উপাচার্য এ ধরনের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ভঙ্গ করেছেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকরা এ সিদ্ধান্তের বিরোধিতা করবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকদের জোটের আহবায়ক অধ্যাপক হেলাল নিজামী। চবির সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব আইন আছে। এ আইন যতদিন থাকবে ততদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে না খোলা থাকবে সে বিষয়ে সিন্ডিকেটই সিদ্ধান্ত নেবে। অন্য কেউ এ ধরনের সিদ্ধান্ত জোর করে স্বায়ত্বশাসিত একটি প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দিতে পারে না।" চবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বলেন, "সরকার এ ধরনের একতরফা সিদ্ধান্ত নিতে পারে না। এটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর এক ধরনের হস্তক্ষেপ। তাই এটি মেনে নেওয়া যায় না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমআই/২০৩৪ ঘ.