ঢাকা, ২১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ এলাকা থেকে সেনাক্যাম্প মঙ্গলবার রাত ৮ টায় প্রত্যাহার শুরু হবে। আগামীকালের মধ্যেই শেষ হবে প্রত্যাহার কাজ । মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিন্তান্ত নেওয়া হয়, সেনাবাহিনী নিজেরাও ঘটনার তদন্ত করবে এবং বৈঠকে জানানো হয়, সেনাবাহিনী ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছে। তদন্তে সেনাসদস্যরা দোষী প্রমানিত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব সৈয়দ ফাহিম মুনেম টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বৈঠকের এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, "আজকের (মঙ্গলবার) বৈঠকে সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটে যাওয়া ঘটনা পর্যালোচনা করে সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে।"
সরকার ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে।
এই বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টারা, সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্রসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ আইনপ্রয়োগকারী সংস্থার প্রধান এবং উচ্চপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএইচবি/১৯৪২ ঘ.
bdnews24