২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারপ্রাপ্ত উপাচার্য ছাত্রদের হাতে লাঞ্ছিত, সহকারি রেজিস্ট্রার আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আফম ইউসুফ হায়দার, প্রক্টর আকা ফিরোজ আহমদ ও সহকারি রেজিস্ট্রার শাহজাহান হাওলাদার সোমবার রাতে বিক্ষুব্ধ ছাত্রদের হাতে লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 10:24 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আফম ইউসুফ হায়দার, প্রক্টর আকা ফিরোজ আহমদ ও সহকারি রেজিস্ট্রার শাহজাহান হাওলাদার সোমবার রাতে বিক্ষুব্ধ ছাত্রদের হাতে লাঞ্ছিত হয়েছেন। ছাত্রদের হামলায় শাহজাহান হাওলাদের মাথা ফেটে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত উপাচার্যের বাড়ির গেটে ছাত্ররা লাথি মারে। তখন বাড়ির ভেতর থেকে ইউসুফ হায়দার, আকা ফিরোজ আহমদ ও শাহজাহান হাওলাদার বের হয়ে এসে ছাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত ছাত্ররা তাদের লাঞ্ছিত করে ও হামলা চালায়। ইউসুফ হায়দার রাত পৌনে একটার দিকে আহতদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে অবস্থানরত ছাত্ররা তাদের আবারো লাঞ্ছিত করে। ইউসুফ হায়দার হাসপাতালে প্রবেশ করতে গেলে ছাত্ররা তাকে ধাক্কা দেয়। এরপর তিনি সেখান থেকে চলে আসেন। ইউসুফ হায়দার ও ফিরোজ আহমদ রাতে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন। প্রক্টর আকা ফিরোজ আহমদ রাতে সাংবাদিকদের বলেছেন, "ঢাকার পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের গায়ে হাত তুলবেন না।" তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্র সচিবের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেএফ/এমএআর/ডিডি/এমএইচবি/০৪১৩ ঘ.