ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে খাদ্য সঙ্কট মোকাবিলায় সাড়ে চার লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর বেশিরভাগই আসবে ভারত থেকে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "ভিয়েতনাম, থাইল্যান্ডের চেয়ে কম দামে চাল পাওয়া যাচ্ছে ভারতে। এছাড়া ভারতীয় চাল আমদানিকারকরাই সর্বনিু দরদাতা হচ্ছেন। সরকার সর্বনিু দরদাতার কাছ থেকেই চাল কিনবে।"
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বন্যার কারণে বিশেষ সহায়তা কর্মসূচি চালুর পাশাপাশি অভ্যন্তরীণ সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় বর্তমানে সরকারের কাছে মজুদ আট লাখ টন চাল দিয়ে সামনে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। এ কারণে আরও সাড়ে চার লাখ টন চাল আমদানি করা হচ্ছে।
খাদ্য উপদেষ্টা বলেন, এরই মধ্যে দু'দফায় ৯৮ হাজার টন চাল কেনার জন্য সংশ্লিষ্ট দরদাতাকে কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রতি টন চাল তিনশ' ৪৭ থেকে তিনশ' ৪৮ ডলারে কেনা হচ্ছে। ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে চাল আমদানিকারকরা এক্ষেত্রে টন প্রতি দাম চেয়েছিল তিনশ' ৮৭ ডলার।
তিনি জানান, আগামী ২৩ আগস্ট অনুষ্ঠেয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব করা হবে। এ দফায় টন প্রতি দুই ডলার কমে পাওয়ায় প্রতিটন চালের দাম পড়বে তিনশ' ৪৫ ডলার।
বাকি তিন লাখ দু'হাজার টন চাল কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে আছে বলেও তিনি জানান। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে আমদানি করা সব চাল দেশে এসে পৌঁছাবে।
তপন চৌধুরী বলেন, "সরকারি গুদামে আট লাখ টনের কিছু বেশি চাল মজুদ আছে। এ মজুদ থেকেই খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। আগমী ১০ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে। এছাড়া ভিজিএফ, টেস্ট রিলিফ, ভিজিডিসহ কয়েকটি কর্মসূচির জন্যও এ মজুদ থেকে চাল বরাদ্দ দেওয়া হবে।"
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত ইরি-বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৩১ আগস্টের মধ্যে ১২ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সরকার। এ সময়ে সাড়ে সাত লাখ টনের কিছু বেশি চাল সংগ্রহ হয়েছে। এই ঘাটতিসহ বন্যার কারণে আগামী আমন মৌসুমের সম্ভাব্য ঘাটতি মোকাবেলার জন্য চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসএনডি/২২১৫ ঘ.
bdnews24