২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরজার পাশেই আছে মামুন, সমাহিত

দু'দিন ধরে বাড়ির সবার অস্বাভাবিক আচরণে মোরশেদা বেগম বুঝতে পারছিলেন 'একটা কিছু' হয়েছে। কিন্তু কারো কাছেই প্রশ্নের জবাব মিলছিল না। এরপর দুঃস্বপ্নের মতো কাকডাকা ভরদুপুরে শোকার্ত গ্রামবাসী বয়ে নিয়ে এল মামুনের কফিন। মোরশেদার বিলাপের শুরু সেই থেকে। বাড়ির দরজার পাশেই ছেলের কবরের দিকে তাকিয়ে এখনো ডুকরে কেঁদে ওঠেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

পটুয়াখালী, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দু'দিন ধরে বাড়ির সবার অস্বাভাবিক আচরণে মোরশেদা বেগম বুঝতে পারছিলেন 'একটা কিছু' হয়েছে। কিন্তু কারো কাছেই প্রশ্নের জবাব মিলছিল না। এরপর দুঃস্বপ্নের মতো কাকডাকা ভরদুপুরে শোকার্ত গ্রামবাসী বয়ে নিয়ে এল মামুনের কফিন। মোরশেদার বিলাপের শুরু সেই থেকে। বাড়ির দরজার পাশেই ছেলের কবরের দিকে তাকিয়ে এখনো ডুকরে কেঁদে ওঠেন তিনি। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহতদের একজন পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা গ্রামের মো. মামুন মৃধা। এসএসসিতে 'এ' গ্রেড পাওয়ায় বাবা-মা তাকে ভর্তি করিয়ে দেন রাজধানীর সরকারি কবি নজরুল কলেজে। সেখানেই এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ার সময় নিহত হন তিনি। রাজধানীর একটি স'মিল শ্রমিক মোতালেব মৃধার একমাত্র ছেলে মামুন ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। ২০০৩ সালে দশমিনার বিবি রায় মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে 'এ' গ্রেড পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ছেলেকে ঢাকা নিয়ে যান মোতালেব মৃধা। তার স্ত্রী চার মেয়ে ময়না, ঝুমুর, রুনা ও তুলিকে নিয়ে দেশের বাড়িতেই ছিলেন। ২১ আগস্ট কর্মস্থল থেকে বাসায় ফিরে মামুনকে না পেয়ে চারদিকে খোঁজখবর নিতে শুরু করেন মোতালেব মৃধা। পরে রাত ১০টায় দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছেলের নিথর দেহ খুঁজে পান তিনি। দু'দিন পর ২৩ আগস্ট লাশ নিয়ে আসা হয় পটুয়াখালীর গ্রামের বাড়িতে। মামুনের মা জানান, গ্রেনেড হামলার এক মাস পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক লাখ টাকার চেক দিয়েছিলেন। এরপর আর কেউ কোনো খোঁজ নেয়নি তাদের। ছেলের কবরের দিকে তাকিয়ে কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, ছেলেকে হারিয়ে পুরো পরিবারে নেমে এসেছে বিপর্যয়। এখন তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিই হতে পারে পরিবারের জন্য একমাত্র সান্ত্বনা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০২৪ ঘ.