ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাক্ষীর সংখ্যা বাড়িয়ে আজম জে চৌধুরীর করা চাঁদাবাজি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে তিনজন নতুন সাক্ষীর উল্লেখ করা হয়েছে। এরা হলেন শেখ ফজলুল করিম সেলিমের ব্যবসায়িক বন্ধু হাফিজ আহমেদ খোকা, ব্যাংক চেকের স্বাক্ষর পরীক্ষাকারী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হস্তলিপি বিশারদ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ও হাফিজ আহমেদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী মহানগর হাকিম এবিএম আব্দুল ফাত্তাহ। তবে মূল অভিযোগপত্রেও সাক্ষী হিসেবে নাম আছে হাকিম আব্দুল ফাত্তাহর।
সম্পুকর অভিযোগপত্রে বলা হয়েছে, হাফিজ আহমেদ চাঁদাবাজির ৮টি ব্যাংক চেকের মধ্যে ৬টি নগদায়ন করেন।
অভিযোগপ্রত্রে শেখ রেহানার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা, মালামাল ক্রোকের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। এ অভিযোগপত্রের ওপর শুনানি হবে আগামী ৫ সেপ্টেম্বর।
গত ২৪ জুলাই প্রথম অভিযোগপত্রটি দাখিল করা হয়। সেখানে ২৪ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়। পরে হাফিজ আহমেদকে জিজ্ঞাসাবাদ ও চেকের ওপর তার নমুনা স্বাক্ষর পরীক্ষা করে এই সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমএইচবি/২২৫২ ঘ.
bdnews24