২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় আমানউল্লাহ আমানের জামিন

চাঁদাবাজির মামলায় সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ আমানউল্লাহ আমানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার জামিনের আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-চাঁদাবাজির মামলায় সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ আমানউল্লাহ আমানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার জামিনের আদেশ দেয়। আদালত এ মামলায় নিম্ন আদালতের কার্যক্রম তিন মাস স্থগিতেরও আদেশ দিয়েছে। এছাড়া মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুলনিশি জারি করেছে। আমাউল্লাহ আমানের পক্ষে আদালতে রিট আবেদনের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় অভিযোগ করা হয়, ২০০৫ সালের ১৪ জানুয়ারি কেরানীগঞ্জের ড্রেজার মালিক শহরবানুর ছেলে স্বপনের কাছ থেকে ১৩ হাজার পাঁচশ' টাকা চাঁদা নেওয়ার নির্দেশ দেন তিনি। এ ঘটনায় শহরবানু চলতি বছরের ৫ মার্চ কেরানীগঞ্জ থানায় আমানউল্লাহ আমানসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন। গত ১৫ এপ্রিল মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে সরকার। প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ থাকা এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গত ২১ জুন আমানউল্লাহ আমানের ১৩ বছর কারাদণ্ড হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯৩৮ ঘ.