নরসিংদী, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা জারির পর দলে সংস্কার নিয়ে মুখোমুখি অবস্থানের পর এবার এক সঙ্গে ত্রাণ কার্যক্রমে অংশ নিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য আব্দুর রাজ্জাক ও মতিয়া চৌধুরী।
রোববার দুপুরে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এ দুই নেতা।
ত্রাণ বিতরণের পর আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার নির্দেশেই ত্রাণ দিতে এসেছি। বন্যা ত্রাণ নিয়ে কোনও রাজনীতি করতে চাই না।"
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে আওয়ামী লীগের এ সংস্কারবাদী নেতা বলেন, "ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে না গেলে নির্বাচন কমিশনের সঙ্গে কোনও আলাপ-আলোচনা সম্ভব নয়। দলের ভারপ্রাপ্ত সভাপতির বক্তব্যের সঙ্গে আমরা এক মত।"
রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেলে দেশে সাংবিধানিক কোনও সঙ্কট সৃষ্টি হবে কিনা --সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, "এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে আমরা সুপ্রিম কোর্টের মতামতের অপেক্ষায় আছি।"
সরকারের 'হঠকারী' সিদ্ধান্তের ফলে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন মতিয়া চৌধুরী।
তিনি বলেন, " সরকারের স্থানীয় বাজার থেকে উচ্চ মূল্যে চাল কেনার তুঘলকি সিদ্ধান্ত জনগণকে কাবাব বানিয়ে ছাড়বে। ২০ টাকার চাল সরকার ২৪ টাকায় কিনলে জনগণকে তা খোলা বাজার থেকে ২৬ টাকায় কিনতে হবে।"
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল হক মোহনের আর্থিক সহায়তায় বন্যা কবলিত আইয়ুবপুর ইউনিয়নের জাঙ্গালিয়া বাজার, নোয়াদিয়া ও ঘাসিরদিয়ার এক হাজার বন্যার্ত পরিবারের মেধ্যে ৫ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু, জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সহ-সভাপতি এস এ হাদী, জহিরুল হক মোহন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-আর-রশিদ খাঁন, আব্দুল হাই মাষ্টার, সামসুল আলম, বিজয় গোস্বামী প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/এসকে/১৬৪৭ঘ.
bdnews24