ঢাকা,আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেবার মান বাড়াতে দেশের ১১টি পর্যটন স্থাপনা বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র-নিয়ন্ত্রিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এজন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে সংস্থাটি।
পর্যটন কর্পোরেশন সূত্র জানায়, বেনাপোল ও খাগড়াছড়ির পর্যটন মোটেল, রাঙামাটি ট্যুরিস্ট কমপ্লেক্সের চারটি কটেজ, বার ও অডিটোরিয়াম, কুয়াকাটার হলিডে হোমস, টেকনাফের হোটেল নেটং, টুিঙ্গপাড়ার হোটেল মধুমতি, নারায়ণগঞ্জের পাগলায় ভাসমান রেস্তোরাঁ মেরি এন্ডারসন, মাধবকুণ্ডের পর্যটন রেস্টুরেন্ট, সাগরদাড়ির হলিডে কমপ্লেক্স, কক্সবাজারের সুইমিংপুল এবং তেজগাঁওয়ে পর্যটন কর্পোরেশনের প্রধান কার্যালয়ে রেন্ট-এ-কার সেন্টারের ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক হাওলাদার রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব স্থাপনার দায়িত্ব বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া হিসেবে দরপত্র ডাকা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত দরপত্র গ্রহণ চলবে। এরপর ১১ সেপ্টেম্বর দরপত্র বাক্স খোলা হবে।"
পর্যটন কর্পোরেশন সূত্র বলছে, বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতায় 'কুলিয়ে উঠতে না পেরে' এবং অব্যাহত লোকসানের মুখে এ ১১টি স্থাপনার কার্যক্রম বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এসকে/১৬০৬ ঘ.
bdnews24